ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) আসন্ন ২০২৫-২৬ আসরের পৃষ্ঠপোষক হিসেবে আবারও ফিরেছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। গত আসরে বিরতি দিলেও এবার ‘ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০২৫-২৬’-এর টাইটেল স্পন্সর হিসেবে নাম লিখিয়েছে তারা। এই আসরের পাওয়ার স্পন্সর হিসেবে থাকছে বসুন্ধরা সিমেন্ট।
টানা ১৩ মৌসুম ডিপিএলের সঙ্গে যুক্ত থাকার পর গত আসরে ওয়ালটনকে দেখা যায়নি। তবে নতুন মৌসুমে আবারও তারা ক্রিকেটের এই মর্যাদাপূর্ণ ৫০ ওভারের টুর্নামেন্টে ফিরছে। এ প্রসঙ্গে ওয়ালটনের সিনিয়র অতিরিক্ত নির্বাহী পরিচালক (মার্কেটিং ও কমিউনিকেশন) মো. রবিউল ইসলাম মিলটন বলেন, “গত আসরে আমরা সরাসরি স্পন্সর হিসেবে না থাকলেও রিমার্ক (Remark) এবং বসুন্ধরা ছিল। ওয়ালটনের চেয়ারম্যান স্যার সবসময় ক্রিকেটকে পৃষ্ঠপোষকতা করেন। ডিপিএলের পৃষ্ঠপোষকতায় ফিরতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।”
২০২৫-২৬ আসরের ডিপিএল শুরু হতে যাচ্ছে আগামী ৪ মে থেকে এবং পর্দা নামবে ১১ জুন। দেশের মোট ছয়টি ভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে এই লিগের ম্যাচগুলো। পূর্ণাঙ্গ সূচি খুব শীঘ্রই ঘোষণা করা হবে।
এবারের আসরে লিগের ফরম্যাটে বড় পরিবর্তন আনা হয়েছে। এবারের লিগে কোনো ‘সুপার লিগ’ পর্ব থাকছে না। এর পরিবর্তে একটি সিঙ্গেল লিগ ফেজ অনুষ্ঠিত হবে। তবে লিগের নিয়ম অনুযায়ী একটি ‘রেলিগেশন লিগ’ অনুষ্ঠিত হবে, যার মাধ্যমে নির্ধারিত হবে কোন দলগুলো প্রথম বিভাগে অবনমিত হবে। আসন্ন মৌসুমে সর্বমোট ৬৯টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে ৬৬টি ম্যাচ হবে লিগ পর্যায়ে এবং বাকি ৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে রেলিগেশন পর্বে।