স্বাস্থ্য সেবা অধিদপ্তরের মহাপরিচালককে হাইকোর্টে তলব

স্বাস্থ্য সেবা অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাসকে তলব করেছেন উচ্চ আদালত। নিয়োগ সংক্রান্ত বিষয়ে রিট আবেদনের পর হাইকোর্টের আদেশ প্রতিপালিত না হওয়ার পরিপ্রেক্ষিতে তলবের এ আদেশ দেওয়া হয়।

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মহাপরিচালককে আগামী ১৯ মে স্বশরীরে হাইকোর্টের হাজির হওয়ার নির্দেশ দেন বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন।

রিটকারী পক্ষের আইনজীবী সিদ্দিক উল্লা মিয়া দেশ রূপান্তরকে বলেন, ২০১৪ সালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন জেলা পর্যায়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদে সারা দেশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির আলোকে রিটকারী ২৫ জনসহ সারা বাংলাদেশে অনেকে অংশ নেন। পরে ২৫ জন পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পরেও তাদেরকে নিয়োগ দেওয়া হয়নি। এর ধারাবাহিকতায় নিয়োগ প্রার্থীরা হাইকোর্টে রিট আবেদন করেন।

হাইকোর্ট চূড়ান্ত শুনানি শেষে ২০২২ সালের ৯ মার্চ রিটকারী ২৫ জনকে নিয়োগ দিতে রায় দেন। কিন্তু তাদের নিয়োগ দেওয়া হয়নি।

আইনজীবী সিদ্দিক উল্লা মিয়া বলেন, হাইকোর্টের আদেশ বাস্তবায়ন করতে রিট আবেদনকারীরা আবেদন করলে গত ৩ মার্চ হাইকোর্ট এক আদেশে গত ২৩ এপ্রিলের মধ্যে রায়ের আদেশ বাস্তবায়ন করতে নির্দেশ দেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগ না হওয়ায় বিষয়টি হাইকোর্টে আদালত অবমাননার মামলা হয়। শুনানি নিয়ে মহাপরিচালককে তলব করে হাজির হতে বলেছে হাইকোর্ট।