ইতালিতে প্রবাসী ছোট ভাইকে হত্যা করল বড় ভাই

ইতালিতে বসবাসরত ২ প্রবাসী ভাইয়ের পারিবারিক কলহ শেষ পর্যন্ত মর্মান্তিক হত্যাকাণ্ডে রূপ নিয়েছে। গত বুধবার রাতে ইতালির লেইজ শহরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত বড় ভাই ভিডিও কলে দেশে থাকা পরিবারের সদস্যদের কাছে হত্যার বিষয়টি স্বীকার করেন।

নিহত নয়ন শেখ (২১) ও অভিযুক্ত হুমায়ুন শেখ (২৭) মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সোনারং এলাকার বাসিন্দা। তারা দেলোয়ার শেখের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (স্থানীয় সময়) রাত আনুমানিক ৮টার দিকে ইতালির লেইজ শহরে পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে বড় ভাই হুমায়ুন শেখ উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাই নয়ন শেখকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

ঘটনার পর হুমায়ুন শেখ ভিডিও কলে দেশে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় তিনি নিহত নয়নের রক্তাক্ত মরদেহ দেখান এবং নিজেই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে স্বীকার করেন। এমন মর্মান্তিক দৃশ্য দেখে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।

পরে ইতালির স্থানীয় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত হুমায়ুন শেখকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ডাবলু বলেন, পারিবারিক দ্বন্দ্বের জেরে ইতালিতে এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হয়েছেন বলে তারা জেনেছেন। তিনি আরও জানান, নিহতের স্ত্রী কিছুদিন আগে পারিবারিক কলহের জেরে একটি অভিযোগ দায়ের করেছিলেন।