ছুরিকাঘাতে বাবার ‘মৃত্যু’, সৎ ছেলে আটক

ঢাকার কেরানীগঞ্জে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সৎ ছেলে আলামিনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১ মে) ভোর ৫টার দিকে কেরানীগঞ্জ থানার গোয়ালখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. শাহী ইসলাম (৭০) ওই এলাকার বাসিন্দা। আটক আলামিন (২৬) নিহতের স্ত্রী নাজমা বেগমের  আগের ঘরের ছেলে।

কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক  (তদন্ত) নুর আলম সিদ্দিকী জানান, শাহী ইসলামের স্ত্রী নাজমা বেগমের  আগের ঘরের ছেলে আলামিন। বাবা ছেলে দুজনই নেশাগ্রস্ত। এক সঙ্গেই দুজনে বসে নেশা করতেন । এদিকে শাহী ইসলাম দুই তিনটি বিয়ে করায় সন্তানদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার ভোর ৫টায় হঠাৎ আলামিন ও তার সৎ বাবা মো.শাহী ইসলামের হাতাহাতিতে জড়ায়। এক পর্যায়ে নেশাগ্রস্ত ছেলে আলামিন তার সঙ্গে থাকা ছুরি দিয়ে বাবার পেটে আঘাত করে। এতে  ঘটনাস্থলেই মারা যান তিনি। এসময় শাহী ইসলামের গোঙানির শব্দ শুনে পাশের কক্ষ থেকে স্ত্রী নাজমা বেগম ও দুই মেয়ে মিম ও লামিয়া বাবার নিথর দেহ মাটিতে পড়ে থাকতে দেখেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্ত ছেলেকে আটকে রাখেন।

খবর পেয়েপুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায় এবং অভিযুক্ত আলামিনকে আটক করে।

এঘটনায় নিহতের স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।