ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরুর প্রস্তুতি ইসরায়েলের

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের দামামা বেজে উঠেছে। সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় ইসরায়েল সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর প্রস্তুতি জোরদার করছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তের কাছাকাছি পৌঁছেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর বেরিয়েছে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে হোয়াইট হাউসে সামরিক বিকল্প পরিকল্পনা সম্পর্কে ব্রিফ করেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। একই সময়ে ইসরায়েলের শীর্ষ কর্মকর্তারাও একাধিক জরুরি বৈঠক করেছেন এবং পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন।

ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১২-এর বরাতে প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা আগামী সপ্তাহের শুরুতেই ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলি মন্ত্রিসভার কয়েকজন সদস্য মনে করছেন, ইরানের ওপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রকে সামরিক পদক্ষেপের মাধ্যমে ‘অতিরিক্ত চাপ’ সৃষ্টি করতে হতে পারে।

সম্ভাব্য পদক্ষেপের মধ্যে ইরানের গ্যাস ও জ্বালানি স্থাপনা এবং সরকারি অবকাঠামো লক্ষ্য করে হামলার বিষয়টি বিবেচনায় রয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালীতে চাপ সৃষ্টি করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে নৌ-সামরিক শক্তি প্রদর্শনের পরিকল্পনা করছে বলে জানা গেছে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের বিবেচনায় থাকা আরেকটি পরিকল্পনায় প্রণালীর একটি অংশ নিয়ন্ত্রণে নিতে স্থলবাহিনী মোতায়েনের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে, যাতে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক রাখা যায়। এছাড়া যুক্তরাষ্ট্র অবরোধ দীর্ঘায়িত করা কিংবা একতরফাভাবে ‘বিজয়’ ঘোষণা করার মতো বিকল্প পরিকল্পনাও বিবেচনা করছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

সামগ্রিক পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছে এবং মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে।