মে দিবস উপলক্ষে সিটিজেনস এগেইনস্ট করাপশনের আলোচনা সভা

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সিটিজেনস এগেইনস্ট করাপশন (সিএসি)-এর উদ্যোগে এক আলোচনা সভা শুক্রবার (১মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এ আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল- ‘শ্রমিকের অধিকার, দুর্নীতির অবসান: সমৃদ্ধ আগামীর স্বচ্ছ অভিযান’।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটিজেনস এগেইনস্ট করাপশন (সিএসি)-এর চেয়ারম্যান ইউসুফ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব, বিটিআরসি-এর সাবেক চেয়ারম্যান এবং শেরে বাংলা এ কে ফজলুল হকের দৌহিত্র মার্গুব মোর্শেদ।

সংগঠনটির জেনারেল সেক্রেটারি সালমান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিএসি-এর উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী ও গবেষক ড. মোস্তাফিজুর রহমান, উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পপতি ও চলচ্চিত্র ব্যক্তিত্ব খোরশেদ আলম খসরু, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন, রাজনৈতিক ব্যক্তিত্ব হাবিবুর রহমান রিজু এবং কবি আশরাফুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি মার্গুব মোর্শেদ বলেন, ‘দুর্নীতিমুক্ত প্রশাসন এবং শ্রমিকবান্ধব নীতি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। রাষ্ট্র, মালিক ও শ্রমিক-সবার মধ্যে জবাবদিহিতা এবং সমন্বয় প্রতিষ্ঠা করতে হবে।’

অনুষ্ঠানে সিটিজেনস এগেইনস্ট করাপশন (সিএসি)-এর চেয়ারম্যান ইউসুফ হোসেন বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি হলেও এখনো অনেক ক্ষেত্রেই তারা ন্যায্য মজুরি, কর্মস্থলের নিরাপত্তা ও সামাজিক মর্যাদা থেকে বঞ্চিত। শ্রমিকবান্ধব নীতি প্রণয়ন এবং বাস্তবায়নের মাধ্যমে এই বৈষম্য দূর করতে হবে। তিনি আরও বলেন, গার্মেন্টস, নির্মাণ, পরিবহন ও শিল্পখাতসহ সকল সেক্টরের শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য বেতন, চিকিৎসাসেবা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সংগঠনের জেনারেল সেক্রেটারি সালমান মাহমুদ বলেন, এই দেশ থেকে অনিয়ম ও দুর্নীতি দূর করার মাধ্যমে আমাদের এই দেশকে শ্রমিকবান্ধব, ব্যবসাবান্ধব ও নিরাপদ দেশ হিসেবে গড়ে তুলতে চায় সিটিজেনস এগেইনস্ট করাপশন।  সংগঠনটি সেই পথেই যাত্রা শুরু করেছে বলে জানান  তিনি।