ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন দৈনিক দেশ রূপান্তরের সিনিয়র রিপোর্টার ফয়সাল খান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগদের চেয়ারম্যান কায়সার এ চৌধুরী, বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক মোহতাসিম বিল্লাহ। এতে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন। সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ সাংবাদিক নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
২০২৫ সালের ১৫ ডিসেম্বর দেশ রূপান্তরে প্রকাশিত ‘জীবন দিয়েও মুক্তিযোদ্ধা হতে পারেননি ১১ ক্লিনার’ শীর্ষক প্রতিবেদনের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক ক্যাটাগরিতে এ পুরস্কার পান ফয়সাল খান। প্রতিবেদনে ১৯৭১ সালে ঢাকার মিরণ জিল্লা হরিজনপল্লীর ১১ জন পরিচ্ছন্নতাকর্মীর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও আত্মত্যাগের ঘটনা তুলে ধরা হয়। তাদের মধ্যে ১০ জনকে পাকিস্তানি হানাদার বাহিনী ধরে নিয়ে হত্যা করে। মুক্তিযুদ্ধে অবদান রাখার পরও এসব পরিচ্ছন্নতাকর্মী রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি।
প্রতিবেদনে উঠে আসে, পরিচ্ছন্নতাকর্মীরা গরুর গাড়িতে ময়লা-আবর্জনার নিচে মুক্তিযোদ্ধাদের অস্ত্র এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দিতেন। তাদের কেউ কেউ পাকিস্তানি সেনাদের ক্যাম্প থেকে তথ্য সংগ্রহ করে মুক্তিযোদ্ধাদের জানাতেন। শহরের বিভিন্ন স্থান থেকে লাশ সরানো ও পরিষ্কারের কাজেও তাদের ব্যবহার করা হয়েছিল। প্রতিবেদনে শহীদদের পরিবারের দীর্ঘদিনের বঞ্চনা ও অসহায়ত্বের চিত্রও ফুটে ওঠে।
এবার প্রিন্ট ও অনলাইন এবং টেলিভিশন ও রেডিও—দুটি মাধ্যমে মোট ২৬টি ক্যাটাগরিতে সেরা প্রতিবেদনের জন্য পুরস্কার দেওয়া হয়েছে। এ ছাড়া সব গণমাধ্যমের সাংবাদিকদের জন্য উন্মুক্ত দুটি বিশেষ ক্যাটাগরিতে রাষ্ট্রপতির পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়। প্রতিটি ক্যাটাগরির বিজয়ী পেয়েছেন সম্মাননা ক্রেস্ট, সনদ ও ৫০ হাজার টাকা করে অর্থ পুরস্কার।
দেশের ১০ জন জ্যেষ্ঠ সাংবাদিকের সমন্বয়ে গঠিত বিচারক প্যানেল প্রতিবেদনগুলো যাচাই-বাছাই করে বিজয়ীদের নির্বাচন করেন।
এদিকে, এক যুগের বেশি সময় ধরে সমাজের নানা অসংগতি, অনিয়ম, দুর্নীতি ও জনদুর্ভোগ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করছেন ফয়সাল খান। তার বেশ কিছু প্রতিবেদন বিভিন্ন সময়ে আলোচিত হয়েছে। সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৩ সালে ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অর্জন করেন তিনি। এ ছাড়া প্ল্যান ইন্টারন্যাশনাল ও ওয়ার্ল্ড ভিশনসহ দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার একাধিক পুরস্কার পেয়েছেন তিনি।
প্রসঙ্গত,‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৬’ এ প্রিন্ট ও অনলাইন বিভাগে বিজয়ীরা হলেন—ফয়সাল খান (দেশ রূপান্তর), দিলীপ কুমার শর্মা/রাহুল শর্মা (আজকের পত্রিকা), সাজিদা ইসলাম পারুল (বাংলানিউজ২৪.কম), মোহাম্মদ শাহেদ সিদ্দিকী (যুগান্তর), শাখাওয়াত হোসেন সুমন (ডেইলি সান), মো. তৌহিদুজ্জামান তন্ময় (জাগোনিউজ২৪.কম), মিজান চৌধুরী (আগামী সময়), দীপন নন্দী (দ্য ডেইলি স্টার), মো. জুবায়ের হোসেন (ঢাকা পোস্ট), ওয়াসিম বিন হাবিব (দ্য ডেইলি স্টার), নাজনীন আখতার (প্রথম আলো), এফএম আবদুর রহমান মাসুম (ঢাকা পোস্ট), মোহাম্মদ হেলেমুল আলম (দ্য ডেইলি স্টার), গোলাম মওলা (বাংলা ট্রিবিউন) ও শাহ আলম খান (আজকের পত্রিকা)।
টেলিভিশন ও রেডিও বিভাগে পুরস্কারজয়ীরা হলেন—কাফায়াত উল্লাহ চৌধুরী (বাংলাভিশন), আলমগীর হোসেন (যমুনা টেলিভিশন), মুফতি পারভেজ নাদির রেজা (চ্যানেল ওয়ান), নয়ন আদিত্য (চ্যানেল ওয়ান), মো. গিয়াস উদ্দিন সাজিব (চ্যানেল ২৪), রাশেদ নিজাম (যমুনা টেলিভিশন) ও রেমন রহমান (যমুনা টেলিভিশন)।