যুক্তরাষ্ট্রে 'অর্থনৈতিক অবরোধে' হাজারো মানুষের বিক্ষোভ

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রজুড়ে শুক্রবার (১ মে) পালিত হয়েছে 'অর্থনৈতিক অবরোধ' কর্মসূচি। 'মে ডে স্ট্রং' জোটের ডাকে দেশটির প্রায় ৩ হাজার ৫০০ স্থানে হাজারো মানুষ স্কুল, কাজ ও কেনাকাটা বর্জন করে বিক্ষোভে অংশ নেন।

আয়োজকেরা এদিন ওয়াকআউট, পদযাত্রা, সড়ক অবরোধ, ব্লক পার্টি ও সমাবেশের আয়োজন করেন। নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগো, লস অ্যাঞ্জেলেসসহ বড় বড় শহরে এ কর্মসূচি ব্যাপক সাড়া ফেলে।

সবচেয়ে উত্তপ্ত পরিস্থিতি দেখা যায় নিউইয়র্কের ম্যানহাটনে। সেখানে তরুণ নেতৃত্বাধীন 'সানরাইজ মুভমেন্ট'-এর কর্মীরা নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের প্রধান ফটকে নিজেদের শিকল দিয়ে বেঁধে ফেলেন। একই সঙ্গে ভবনের অন্যান্য প্রবেশ ও বহির্গমন পথ অবরোধ করা হয়। এক ঘণ্টা পর পুলিশ এসে কয়েকজনকে গ্রেপ্তার করে সরিয়ে দেয়।
 
দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসিতে 'ফ্রি ডিসি' সংগঠনের কর্মীরা গুরুত্বপূর্ণ মোড়গুলো অবরোধ করে যান চলাচল ব্যাহত করেন। তাদের ব্যানারে লেখা ছিল, 'ধনকুবেরদের চেয়ে শ্রমিক বড়' এবং 'যুদ্ধ নয়, স্বাস্থ্যসেবা চাই'।

শিকাগোতে সার্ভিস এমপ্লয়িজ ইন্টারন্যাশনাল ইউনিয়নের স্বাস্থ্যকর্মীরা অ্যামাজনের একটি গুদাম ঘেরাও করে পদযাত্রা করেন। এ সময় তাদের হাতে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের বিশাল প্রতিকৃতি দেখা যায়। টেনেসির মেম্ফিসে বিক্ষোভকারীরা রাস্তায় শুয়ে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআইয়ের তথ্যকেন্দ্রের প্রবেশপথ বন্ধ করে দেন।

ওরেগনের পোর্টল্যান্ডে বিক্ষোভকারীরা হিলটন হোটেলের লবি দখল করেন। মিনেসোটার মিনিয়াপোলিসে একটি সেতু অবরোধের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

এবারের মে দিবসের আন্দোলনে আইসিই বিলুপ্তি, যুদ্ধ বন্ধ, ধনীদের ওপর বেশি কর আরোপ এবং শ্রমিক অধিকার নিশ্চিত করার দাবি জোরালোভাবে উঠে আসে। এতে শ্রমিক ইউনিয়নের পাশাপাশি ছাত্র সংগঠন, অভিবাসী অধিকারকর্মী, বামঘরানার রাজনৈতিক দল ও 'নো কিংস' আন্দোলনের কর্মীরাও অংশ নেন।

শিক্ষক-শিক্ষার্থীরাও কর্মসূচিতে সক্রিয় ছিলেন। উত্তর ক্যারোলাইনার অন্তত ১৫টি স্কুল জনশিক্ষা তহবিলের দাবিতে র‌্যালিতে অংশ নিতে শিক্ষকদের ছুটি দেয়। উইসকনসিনের ম্যাডিসন ও মিলওয়াকিতেও স্কুল বন্ধ রাখা হয়।