হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা এখন তুঙ্গে। এর নেপথ্যে রয়েছেন তার স্বামী নিকোলাস রিচিও। কে এই নিকোলাস রিচিও?
নিউ হ্যাম্পশায়ারের একজন সফল রিয়েল এস্টেট ব্যবসায়ী নিকোলাস রিচিও, যিনি লেভিটের চেয়ে বয়সে ৩২ বছরের বড়। দীর্ঘ সময় ধরে আড়ালে থাকলেও স্ত্রীকে কেন্দ্র করে তিনি এখন আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কেড়েছেন।
নিকোলাস রিচিওর জীবনকাহিনি রূপকথার মতো। নিউ হ্যাম্পশায়ারের হাডসন শহরে এক অসচ্ছল পরিবারে তার জন্ম। শৈশবেই মা-বাবার বিচ্ছেদের পর কৈশোরে তিনি গৃহহীন হয়ে পড়েন। অর্থকষ্টের কারণে গাড়িতে ঘুমিয়ে রাত কাটাতে হয়েছে তাকে। পরবর্তীতে গ্রোসারি স্টোরে কাজ করে ও লোন নিয়ে প্লাইমাউথ স্টেট ইউনিভার্সিটি থেকে পড়ালেখা শেষ করেন।
২০০০-এর দশকের গোড়ার দিকে রিয়েল এস্টেট কোর্সে ভর্তি হয়ে এই ব্যবসায় যুক্ত হন তিনি। প্রথমদিকে পরিত্যক্ত ও জীর্ণ ভবন কিনে সংস্কারের মাধ্যমে তার ব্যবসা শুরু করলেও বর্তমানে তিনি 'রিচিও এন্টারপ্রাইজ'-এর মালিক এবং নিউ হ্যাম্পশায়ারের হ্যাম্পটন বিচে অন্তত ১৫টিরও বেশি বহুতল বাণিজ্যিক ও আবাসিক ভবনের মালিক।
২০২২ সালে ক্যারোলিন লেভিট যখন মাত্র ২৫ বছর বয়সে নিউ হ্যাম্পশায়ার থেকে ইউএস কংগ্রেস নির্বাচনের জন্য প্রচারণা চালাচ্ছিলেন, তখন এক বন্ধুর মাধ্যমে লেভিটের সঙ্গে পরিচয় হয় তার। ২০২৫ সালের জানুয়ারি মাসে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শপথগ্রহণের মাত্র কয়েক দিন আগে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে এই দম্পতির দুটি সন্তান রয়েছে।
লেভিট (২৮) এবং রিচিও (৬০)-এর বয়সের ব্যবধানের কারণে সামাজিক মাধ্যমে সমালোচনা কম হয়নি। এক সাক্ষাৎকারে লেভিট স্বীকার করেন, আমাদের সম্পর্কের কথা প্রথমবার মা-বাবাকে জানানো বেশ কঠিন ছিল। তবে নিকোলাসের পরিপক্বতা ও চরিত্র দেখে তারা খুব দ্রুতই তাকে মেনে নেন।
হোয়াইট হাউসের অতি-ব্যস্ত রাজনৈতিক জীবন সামলাতে স্বামী নিকোলাসই তার সবচেয়ে বড় শক্তি বলে জানান লেভিট। তিনি বলেন, তিনি সম্পূর্ণ অন্তর্মুখী স্বভাবের মানুষ, যিনি লোকচক্ষুর আড়ালে থেকে আমাদের পরিবারকে আগলে রাখেন।
যে কারণে পদত্যাগ করছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি