নতুন খবর দিলেন পলাশ

টিভি অভিনেতা জিয়াউল হক পলাশকে দর্শকের কাছে বেশি পরিচিতি কাবিলা নামে। কারণ টানা আট বছর ধরে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ কাবিলা চরিত্রে অভিনয় করে আসছেন তিনি। যদিও অভিনয়ের চেয়ে নির্মাতা হওয়ার ইচ্ছেই প্রবল ছিল তার। তবে সেই ইচ্ছে পূরণ করতে শিগগিরই চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চান তিনি। 

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টে জিয়াউল হক পলাশ জানিয়েছেন, বড় পর্দায় বলার জন্য দুটি গল্প ইতোমধ্যে চূড়ান্ত করে রেখেছেন। তার আগে আসন্ন ঈদুল আজহার পর একটি করে ফিকশন, ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজ নির্মাণ করবেন তিনি। এরপরই চলচ্চিত্র নির্মাণে মনোযোগী হওয়ার পরিকল্পনা আছে তার। 

অভিনয় ও নির্মাণের পাশাপাশি সমাজসেবায় অবদান রেখে যাচ্ছেন জিয়াউল হক পলাশ। ২০২০ সালে তার গড়ে তোলা ডাকবাক্স ফাউন্ডেশন নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শিগগিরই চট্টগ্রামে মায়েদের জন্য একটি ব্রেস্ট ফিডিং সেন্টার চালু করতে যাচ্ছেন তিনি। এর নির্মাণকাজ প্রায় শেষের দিকে। তিনি এই প্রকল্পের নাম দিয়েছেন ‘যতন’। পডকাস্টে ‘যতন’ নিয়ে বিস্তারিত জানিয়েছেন পলাশ। এবারই প্রথম কোনও পডকাস্টে অংশ নিলেন তিনি। 

শনিবার (২ মে) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচার হবে ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’।