থাইল্যান্ডের এক পাহাড় থেকে স্কুটিতে করে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার। এ সময় স্কুটি চালাচ্ছিলেন চিত্রগ্রাহক মেহেদী রনি। দুর্ঘটনায় দুজনই আহত হয়েছেন। বর্তমানে তারা থাইল্যান্ডের পাতায়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার পর এ দুর্ঘটনা ঘটে। শুটিংয়ের একটি দৃশ্য ধারণ করতে থাইল্যান্ডের কোলান দ্বীপের একটি পাহাড়ে গিয়েছিলেন খায়রুল বাসার ও তার শুটিং টিম। দৃশ্যের শুটিং শেষে পাহাড় থেকে নামার সময় ঘটে বিপত্তি।
জানা গেছে, দুর্ঘটনায় খায়রুল বাসারের বুকে ও হাঁটুতে আঘাত লেগেছে। হাঁটতেও কষ্ট হচ্ছে তার। চিকিৎসার জন্য পরে তাকে পাতায়ার হাসপাতালে নেওয়া হয়। নিজের শারীরিক অবস্থা জানিয়ে বাসার বলেন, ‘দুর্ঘটনায় আমার বুকে ব্যথা পেয়েছি, হাঁটুতেও আঘাত লেগেছে। হাঁটতেই কষ্ট হচ্ছে। এখন আমরা পাতায়ায় এসেছি। এখানে হাসপাতালে চিকিৎসা নেব। এই অবস্থায় শুটিং বাতিল করতে হয়েছে। আমার যে শারীরিক অবস্থা, তাতে শুটিং করা সম্ভব নয়।’
তবে খায়রুল বাসারের চেয়ে চিত্রগ্রাহক মেহেদী রনি বেশি আহত হয়েছেন বলে জানান এই অভিনেতা। তার শরীরের বিভিন্ন অংশ ছিড়ে গেছে। দুজনকেই হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন। বাসার বলেন, ‘মাত্রই হাসপাতালে এসেছি। এখন দুজনের এক্স-রে করাতে হবে। পরে চিকিৎসকের পরামর্শেই থাকতে হবে। যদিও কাল আমার শুটিং ছিল না। পরে ছিল। এখন বিশ্রাম নিতে হবে। এ অবস্থায় ২-৩ দিন শুটিং করা সম্ভব নয়।’
দুর্ঘটনার বর্ণনা দিয়ে হাসপাতাল থেকে খায়রুল বাসার বলেন, ‘আমরা নাটকের শুটিং করতে থাইল্যান্ড এসেছিলাম। কাজ ঠিকমতোই চলছিল। এর মধ্যে আমাদের একটি দৃশ্যের শুটিং ছিল কোলান দ্বীপে। একপর্যায়ে আমরা পাহাড়ের ওপরে শুটিং করি। শুটিং ঠিকমতোই হয়েছে। কিন্তু নামতে গিয়ে হঠাৎ করে আমাদের স্কুটি নিয়ন্ত্রণ হারায়। সঙ্গে সঙ্গে আমরা পড়ে যাই।’
হঠাৎ করে দুর্ঘটনা ঘটায় প্রথমে কিছু বুঝে উঠতে পারেননি তারা। এ সময় শুটিং টিমের অন্য সদস্যরা কিছুটা দূরে ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে খায়রুল বাসার ও মেহেদী রনিকে উদ্ধার করেন।
জানা গেছে, একসঙ্গে কয়েকটি নাটকের শুটিংয়ের জন্য থাইল্যান্ডে গিয়েছেন খায়রুল বাসার। ঈদের পর কিছুটা বিরতি শেষে বিদেশে গিয়ে আবারও শুটিংয়ে ফিরেছিলেন তিনি। যদিও থাইল্যান্ডে যে নাটকগুলোর শুটিং হচ্ছে, সেগুলোর নাম এখনো জানা যায়নি।
ট্রাম্পের পোস্ট ঘিরে ইসলামবিদ্বেষের অভিযোগ
ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত
‘মনে হয়েছে দেশের জন্যই খেলছি’, ফর্টিজের জয়ের নায়ক ইব্রাহীম
উপজেলা পর্যায়ের বেকার যুবকদের ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক
প্রধান বিচারপতির কাছে শপথ নিলেন পিএসসি’র চার সদস্য