বহুল প্রতীক্ষিত বলিউডের ‘কিং’ সিনেমার শুটিং চলাকালে দৃশ্য ফাঁস হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। দক্ষিণ আফ্রিকায় সিনেমাটির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। সম্প্রতি তাদের একটি দৃশ্যের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেন নির্মাতা।
ফাঁস হওয়া ছবিতে দেখা যায়, রোদচশমা ও স্টাইলিশ পোশাকে শাহরুখের পাশে হাসিমুখে দীপিকা দাঁড়িয়ে আছেন। বহুদিন পর এই জনপ্রিয় জুটিকে একসঙ্গে দেখতে পেয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস। তবে এমন পরিস্থিতিতে শুটিংয়ের গোপনীয়তা ভেঙে যাওয়ায় বিরক্ত নির্মাতা।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে সিদ্ধার্থ আনন্দ বলেন, ছবির পুরো টিম দিন-রাত পরিশ্রম করছে। তিনি অনুরাগীদের উদ্দেশে অনুরোধ জানান, ‘কিং’ সিনেমার শুটিংয়ের কোনো ছবি বা ভিডিও যেন কেউ সামাজিক মাধ্যমে ফাঁস না করেন।
এদিকে, সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে দীপিকা পাড়ুকোনকে স্বামী রণবীর সিং-এর সঙ্গে দেখা যাওয়ার পর তাদের গন্তব্য নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। পরে জানা যায়, কেপ টাউনে শুটিংয়ের উদ্দেশেই তারা সেখানে গেছেন।