মুরাদনগরে মাদকসেবীর কারাদণ্ড

কুমিল্লার মুরাদনগরে মো. সোহেল (৪৫) নামের এক মাদকসেবীকে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। পরে ভ্রাম্যমান আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। শুক্রবার (১ মে) দিবাগত রাতে মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতে দণ্ড প্রদান করেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম সারোয়ার রাব্বী। দণ্ডপ্রাপ্ত মো. সোহেল উপজেলার ধামঘর ইউনিয়নের ধামঘর গ্রামের সুরুজ মিয়া খান এর ছেলে।

জানা যায়, শুক্রবার রাতে উপজেলার ধামঘর ইউনিয়নের ধামঘর গ্রামে মাদক সেবনের সময় মো. সোহেলকে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা। স্থানীয়রা মুরাদনগর থানা পুলিশকে খবর দিলে এসআই নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মো. সোহেলকে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমান আদালত তাকে ৫০০ টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম সারোয়ার রাব্বী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী দোষী সাব্যস্ত করে তাকে দণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এবং এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, মো. সোহেলকে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে। মাদক, চুরি, ডাকাতি, ইভটিজিং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। তিনি অপরাধ দমনে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।