পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলা ছাড়া প্রকৃত মেধাবী হওয়া যায় না। প্রকৃত মেধাবী হতে হলে সবাইকে শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় পারদর্শী হতে হবে।
তিনি বলেন, নতুন কুঁড়ি আমাদের নির্বাচনি ইশতেহারের অংশ। আমাদের তরুণ প্রজন্মকে শুধু লেখাপড়ায় সীমাবদ্ধ না রেখে শারীরিক, মানসিক ও মনস্তাত্ত্বিকভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা নিজেদের সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে।
ফেনী জেলা প্রশাসনের আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার (২ মে) বিকেলে খায়রুল আনোয়ার পেয়ারু জিমনেসিয়াম-এ ৮টি ইভেন্টের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন মন্ত্রী।
ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক ফাহমিদা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক জয়নাল আবেদীন এবং মুন্সি রফিকুল আলম মজনু।
এ সময় ফেনী জেলা পুলিশ সুপার শফিকুল ইসলাম, ফেনী জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেকসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যে সারা দেশের ন্যায় ফেনীতেও এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মন্ত্রী আরও বলেন, পরশুরাম এলাকার পরিস্থিতি ভিন্ন। প্রতিবেশী দেশ থেকে পানি প্রবাহের কারণে সমস্যার সৃষ্টি হয়। মুছাপুর রেগুলেটরের পুনর্নির্মাণ কাজ অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এটি অনুমোদিত হলে সোনাগাজী ও সিলোনিয়া এলাকায় নদীভাঙন রোধ করা সম্ভব হবে।