ঢাকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে লাশ হয়ে ফিরলেন লিটন মিয়া (২৬) নামের এক যুবক।

শনিবার (২ মে) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের ইশ্বর বড়ুয়া গ্রামে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয়। 

নিহত লিটন মিয়া উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে নিজ বাড়ি চৌকিদার মোড় থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ভূরুঙ্গামারী বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন লিটন। পথে ইশ্বর বড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে রংপুরে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিমা তাসনীম জানান, দুর্ঘটনায় লিটনের মাথায় গুরুতর আঘাত লেগে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রংপুরে রেফার করা হয়েছিল।

ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।