চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল বেনীপুরে বিপরীত দিক থেকে আসা ট্রাকচাপায় সোহাগ (১৭) ও জিসান (২৭) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রবিবার (৩ মে) সকালে নাচোল-আড্ডা রোডের বেনীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী নাচোল উপজেলার আজিপুর গ্রামেড আব্দুস সালামের ছেলে সোহাগ হোসেন ও শিবগঞ্জ উপজেলার আটরশিয়া গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে রবিউল ইসলাম জিসান। নিহতরা সম্পর্কে আপন বোন জামাই ও শ্যালক। নিহত জিসান নওগাঁ দুদক কার্যালয়ে কর্মরত ছিলেন।
স্থানীয় বাসিন্দা, উদ্বারকারী ও পুলিশ জানায়, নাচোল থেকে ধানসুরার দিকে যাচ্ছিলেন মোটরসাইকেলের আরোহীরা। এসময় বেনীপুর এলাকায় একটি বাসকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা ট্রাক চাপা দেয় মোটরসাইকেলকে। এ সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এর পরপরই ট্রাক রেখে পালিয়ে যান চালক। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ দুটি উদ্ধার করে ফায়ার সার্ভিস।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।