হজযাত্রীদের বয়সসীমা নিয়ে সিদ্ধান্ত বদল করেছে সৌদি আরব। আগে ১৫ বছরের নিচে কাউকে হজে যেতে না দেওয়ার ঘোষণা দিলেও এখন সেই বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। ফলে আবারও ১২ বছর বা তার বেশি বয়সি শিশুরা হজে যেতে পারবে।
সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, সৌদি আরব হজযাত্রীদের ওপর আরোপ করা ১৫ বছরের বয়সসীমা প্রত্যাহার করেছে এবং আগের নীতিতে ফিরে গিয়ে ১২ বছর বা তার বেশি বয়সিদের হজে যাওয়ার অনুমতি দিয়েছে বলে শনিবার (২ মে) জানিয়েছে পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (পিএএ)।
সৌদি সরকার সম্প্রতি যে নতুন নীতি ঘোষণা করেছিল তা এখন বাতিল করা হয়েছে। যদিও সেই নিয়ম ৩ মে থেকে কার্যকর হওয়ার কথা ছিল। পিএএ জানায়, ১৫ বছরের বয়সসীমার কারণে যেসব হজ ভিসা আগে বাতিল হয়েছিল, সেগুলো এখন নতুন সিদ্ধান্ত অনুযায়ী পুনরায় প্রক্রিয়াকরণ করা হবে।
এয়ারপোর্টস কর্তৃপক্ষ আরও জানায়, বয়সসীমার কারণে বাতিল হওয়া সব ভিসাই আবার বিবেচনায় নেওয়া হবে। হজের মহাপরিচালক দপ্তরও নিশ্চিত করেছে যে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এই বিধিনিষেধ প্রত্যাহার করেছে।
এর আগে চলতি বছরের হজে ১৫ বছরের কম বয়সীদের সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল কর্তৃপক্ষ। এর ফলে ১৫ বছরের নিচে থাকা সব হজযাত্রীর ভিসা বাতিল করা হয়েছিল। ধর্ম মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছিল, আসন্ন হজ উপলক্ষে আগামী ২৭ মে (৯ জিলহজ ১৪৪৭ হিজরি-আরাফাতের দিন) পর্যন্ত ১৫ বছরের কম বয়সি কোনো যাত্রীকে বহন করে কোনো ফ্লাইট সৌদি আরবে যেতে পারবে না।
এ ছাড়া ক্ষতিগ্রস্ত হজযাত্রীদের জমা দেওয়া অর্থ পুরোপুরি ফেরত দেওয়ার ঘোষণাও দিয়েছিল সৌদি সরকার।