ভাইরাল বাপ-বেটার ভিডিও

ব্যান্ড তারকা জেমসের একটি হৃদয়ছোঁয়া পারিবারিক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি ছোট্ট ছেলে জিবরান আনামকে ড্রামস শেখাচ্ছেন। 

প্র্যাকটিস প্যাডে ধারণ করা ভিডিওতে জেমস নিজ হাতে ছেলেকে ড্রাম স্টিক ধরার কৌশল দেখাচ্ছেন। কীভাবে স্টিক নিয়ন্ত্রণ করতে হয় এবং তাল ধরতে হয়, তা ধৈর্য নিয়ে বোঝাতে দেখা যায় তাকে। পাশে বসে মনোযোগ দিয়ে বাবার নির্দেশনা অনুসরণ করছে জিবরান। ড্রামস বাজানোকে সে আনন্দের সঙ্গে উপভোগ করছে। 

একবছর প্রেমের পর ২০২৪ সালের ১২ জুন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমানকে বিয়ে করেন জেমস। ২০২৫ সালের ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে জেমস-নামিয়া দম্পতির কোলজুড়ে আসে পুত্রসন্তান জিবরান আনাম। 

ভিডিওটি প্রকাশের পরপরই অনলাইনে ভাইরাল হয়। নেটিজেনরা নানা মন্তব্যে প্রশংসা জানিয়েছেন। কেউ লিখেছেন, রক্তের টান স্পষ্ট। কেউ উল্লেখ করেছেন, রকের উত্তরাধিকার যেন তৈরি হচ্ছে। আবার কেউ মন্তব্য করেন, রকস্টারের ছেলে ড্রামসকে নিজের খেলনার মতোই দেখছে।