ফ্রান্সের উত্তর উপকূল থেকে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করতে গিয়ে নৌকাডুবিতে দুই তরুণীর মৃত্যু হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, নিহতরা সম্ভবত সুদানের নাগরিক এবং তাদের বয়স প্রায় ২০ বছর।
আঞ্চলিক কর্মকর্তা ক্রিস্টোফ মার্কস জানান, ৮২ আরোহী নিয়ে নৌকাটি শনিবার (২ মে) রাত থেকে রবিবারের মধ্যে সমুদ্রে যাত্রা শুরু করে। যাত্রার কিছু সময় পর নৌকার ইঞ্জিন বিকল হয়ে গেলে সেটি সাগরে ভেসে যেতে থাকে। পরে ১৭ জনকে উদ্ধার করে বুলোইন-সুর-মের বন্দরে নেওয়া হয়। বাকি ৬৫ জন আরোহীসহ নৌকাটি পরে নেফশাতেল-হার্দেলোর কাছাকাছি একটি সৈকতে আটকে যায়।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত দুই নারীকে নৌকার ভেতর মৃত অবস্থায় পাওয়া গেছে। এছাড়া ১৩ জন মাঝারি আঘাতপ্রাপ্ত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহতদের মধ্যে দগ্ধ রোগীও রয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সীমান্ত পুলিশ আহতদের জিজ্ঞাসাবাদ করে এই যাত্রার সঙ্গে জড়িত মানবপাচারকারীদের শনাক্তের চেষ্টা করবে বলে জানিয়েছে।
গত এক মাসের কিছু বেশি সময়ে ফ্রান্স-যুক্তরাজ্য সীমান্তে এটি তৃতীয় এমন মর্মান্তিক ঘটনা। চলতি বছরে এখন পর্যন্ত এই রুটে অন্তত ২৯ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। অবৈধ অভিবাসন ঠেকাতে সম্প্রতি ফ্রান্স ও যুক্তরাজ্য তিন বছরের একটি নিরাপত্তা চুক্তি সই করেছে। এর আওতায় ফ্রান্স উপকূলে টহল জোরদার করবে এবং যুক্তরাজ্য ব্যয়ের বড় অংশ বহন করবে।