রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ক্রিমিয়ার বৃহত্তম শহর সেভাস্তোপোলে বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ তথ্য জানিয়েছেন অঞ্চলটির গভর্নর মিখাইল রাজভোজায়েভ। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।
তিনি জানান, ইউক্রেনের ড্রোন হামলার পর শহরটিতে বিস্ফোরক ও ধ্বংসাবশেষ অপসারণের কাজ চলছিল। এ সময় একটি বিস্ফোরক ডিভাইস নিষ্ক্রিয় করার চেষ্টা করার সময় বিস্ফোরণ ঘটে। এতে জরুরি সেবা বিভাগের চারজন বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞ ও একজন নিরাপত্তাকর্মী নিহত হন।
২০২২ সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর পঞ্চম বছরে প্রবেশ করেছে যুদ্ধ। এ সময়ে উভয় পক্ষই আকাশপথে হামলা আরও জোরদার করেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর দেশটির বিভিন্ন অঞ্চল এবং রুশ নিয়ন্ত্রিত এলাকাজুড়ে ইউক্রেনের ৩৬২টি ড্রোন ভূপাতিত বা প্রতিহত করেছে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এসব এলাকার মধ্যে ক্রিমিয়াও রয়েছে।
২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে নিজেদের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে নেয়। তবে ইউক্রেন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় একটি অংশ এখনো ক্রিমিয়াকে ইউক্রেনের ভূখণ্ড হিসেবেই স্বীকৃতি দেয়।