ঈশ্বরগঞ্জে ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে বোরোধান কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনাটি উপজেলার রাজিবপুর ইউনিয়নের রামগোবিন্দপুর গ্রামে ঘটেছে। 

জানা গেছে, গত শুক্রবার (২ মে) সকাল ১০টার দিকে বোরোধানের জমি থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলার শিকার হন ভুক্তভোগীরা। এ ঘটনায় উভয় পক্ষই ঈশ্বরগঞ্জ থানা-এ পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছে।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মো. আবুল খায়ের (৫৯) বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেন।

আহতরা হলেন—রামগোবিন্দপুর গ্রামের আব্দুস সালাম (৫০), মো. আবু হানিফা (৪৫), মোখলেছুর রহমান (২৪), হেলাল মিয়া (৫০), মোস্তফা (৪৫), জয়নাল আবেদীন (৬৫), মোছা. হুসনা আরা খাতুন (৪০), জোসনা আরা (৪০) ও জনি মিয়া (১৭)। এছাড়া প্রতিপক্ষের মো. শাহেদ আলী (৫০) আহত হয়েছেন। আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে আব্দুস সালাম ও মোখলেছুর রহমানের অবস্থা আশঙ্কাজনক।

এজাহারে উল্লেখিত আসামিরা হলেন—রামগোবিন্দপুর গ্রামের শাহেদ আলীর ছেলে খায়রুল ইসলাম রতন (৪৫), মেহেদি হাসান মঞ্জু (৩৬), মাসুদ মিয়া (৪২), শহিদ মিয়া (৩৮), মাসুদ মিয়ার ছেলে মঈনুল ইসলাম লায়ন (২৩), একই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে আব্দুর রাজ্জাক (৪৫), তার ছেলে মিলন মিয়া (২৩), মৃত মফিজ উদ্দিনের ছেলে দুলাল মিয়া (৪৮) ও তার ছেলে একলাছ উদ্দিন বাপ্পু (২৫)।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের অভিযোগ, পূর্ব বিরোধের জের ধরে অভিযুক্ত রতন ও মঞ্জুসহ তাদের সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ভুক্তভোগী পরিবারের অন্তত ৯ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ বিষয়ে ভুক্তভোগী আবুল খায়ের বলেন, ‘রতন ও মঞ্জু গং সন্ত্রাসী প্রকৃতির লোক। তারা এলাকায় হামলা, মামলা ও জমি দখলের মতো কর্মকাণ্ডে জড়িত। পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’

এ বিষয়ে প্রতিপক্ষের মেহেদি হাসান মঞ্জু ও তার পরিবারের একাধিক মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ সাড়া দেননি।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, ‘উভয় পক্ষ থেকেই লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’