কুমিল্লার মুরাদনগর উপজেলায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে দুই ‘মাদকসম্রাট’সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
রবিবার (৩ মে) বিকেলে উপজেলা সদরের উত্তরপাড়া এলাকা থেকে দুইজন এবং উত্তর ত্রিশ এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার মধ্যপাড়া এলাকার মোহাম্মদ তগদিরের ছেলে মো. রাব্বি (২৩), সাহাপাড়া এলাকার মো. হানিফ মিয়ার ছেলে সাগর (২৮) এবং উত্তর ত্রিশ গ্রামের মো. সুরুজ মিয়ার ছেলে মো. মোস্তফা কামাল (৩৮)।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বিকেলে ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নেতৃত্বে এসআই রুহুল আমীন, এসআই রাজু বড়ুয়া, এএসআই নূর মোহাম্মদসহ সঙ্গীয় ফোর্স মুরাদনগর সদরের উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ‘মাদকসম্রাট’ হিসেবে পরিচিত রাব্বি ও সাগরকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ৫২ হাজার ৮৬০ টাকা উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই দিনে মুরাদনগর থানার সেকেন্ড অফিসার এসআই আবদুল্লাহ আল মাসুদ সঙ্গীয় ফোর্সসহ উত্তর ত্রিশের মদিনা ব্রিকস এলাকায় অভিযান চালিয়ে মোস্তফা কামালকে গ্রেপ্তার করেন। পরে তল্লাশি করে তার কাছ থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এছাড়াও কোম্পানীগঞ্জ এলাকা থেকে সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি আলামিন (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং সোমবার তাদের আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হবে।
প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায় কাবাডি ফেডারেশনের!