বজ্রপাতে ভয় ও আশা

বিদ্যুৎ চমকালে মানুষের মনে একসঙ্গে ভয় ও বিস্ময় জেগে ওঠে। একজন মুমিনের কাছে এটি কেবল প্রাকৃতিক ঘটনা নয়, বরং এটি মহান আল্লাহর কুদরত ও মহিমার এক জীবন্ত নিদর্শন। পবিত্র কোরআনের সুরা রাদের ১২ ও ১৩ নম্বর আয়াতে মহান আল্লাহ বজ্র ও বিদ্যুতের এই দৃশ্যের মাধ্যমে মানুষের অন্তরে ভয় ও আশার এক গভীর ভারসাম্যের শিক্ষা দিয়েছেন। মহান আল্লাহ ইরশাদ করেন, ‘তিনিই ভয় ও আশা সঞ্চার করার জন্য তোমাদেরকে বিজলী দেখান এবং তিনিই ভারী মেঘমালা সৃষ্টি করেন।’ (সুরা রাদ ১২)

এই আয়াতে মহান আল্লাহ তার সুনিপুণ কার্যাবলি আমাদের জানিয়েছেন। বজ্রপাতের ভয় মানুষকে তার সীমাবদ্ধতা ও দুর্বলতার কথা স্মরণ করিয়ে দেয়। আর সেই মেঘমালা, যা বৃষ্টি নিয়ে আসে, বান্দার অন্তরে সৃষ্টি করে রবের অনুগ্রহের প্রত্যাশা। এখানে গভীর একটি আধ্যাত্মিক শিক্ষা রয়েছে। একজন মুমিনের জীবনও এমন হওয়া উচিত, সে আল্লাহর শাস্তিকে ভয় করবে, কিন্তু কখনো তার রহমত থেকে নিরাশ হবে না। ভয় তাকে গুনাহ থেকে দূরে রাখবে, আর আশা তাকে ইবাদতের পথে অটল রাখবে। ঘন মেঘ যেমন বৃষ্টির বার্তা দেয়, তেমনি জীবনের অন্ধকার সময়েও আল্লাহর রহমতের প্রতীক্ষা করতে শিক্ষা দেয়।

ইরশাদ হয়েছে, ‘বজ্র তার প্রশংসাসহ তারই মহিমা ও পবিত্রতা ঘোষণা করে এবং ফেরেশতারাও (পবিত্রতা ঘোষণা করে) তার ভয়ে। আর তিনি গর্জনকারী বজ্র পাঠান।’ (সুরা রাদ ১৩)

এই আয়াতে প্রকৃতির আরেকটি বিস্ময়কর দিক উন্মোচিত হয়েছে। আমরা যে বজ্রধ্বনি শুনি, তা কেবল এক ধরনের শব্দ নয়, এটি মহান আল্লাহর প্রশংসা ও পবিত্রতা ঘোষণার এক মাধ্যম। তাসবিহ পাঠ কেবল মানুষের কাজ নয়, বরং সৃষ্টিজগতের প্রতিটি উপাদানই নিজস্ব ভাষায় আল্লাহর মহিমা প্রকাশ করে।

ফেরেশতারা সর্বদা মহান আল্লাহর আনুগত্যে নিবেদিত। তারাও তার ভয়ে তাসবিহ পাঠ করে। এই অংশটি মানুষের জন্য বড় একটি শিক্ষা, যারা নিষ্পাপ, তারাও যদি মহান আল্লাহকে ভয় করে, তবে আমাদের জন্য সেই ভয় ও বিনয় কতটা অপরিহার্য! আয়াতের শেষাংশে বজ্রের গর্জনকে এক ধরনের সতর্কবার্তা হিসেবে উপস্থাপন করা হয়েছে। এটি মানুষের গাফলতি দূর করে, তাকে স্মরণ করিয়ে দেয় এই সমগ্র সৃষ্টিজগতের নিয়ন্ত্রক মহান আল্লাহ।

এই ধারণাটিকে আরও বিস্তৃতভাবে তুলে ধরা হয়েছে সুরা বনি ইসরাইলের ৪৪ নম্বর আয়াতে। মহান আল্লাহ ইরশাদ করেন, ‘সাত আসমান ও জমিনে এবং এগুলোর মধ্যে যা কিছু আছে, সবই তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। এমন কিছু নেই, যা তার প্রশংসাসহ তার পবিত্রতা ঘোষণা করে না। কিন্তু তোমরা তাদের তাসবিহ বুঝতে পারো না।’

এই আয়াত আমাদের উপলব্ধি করায় বজ্র, মেঘ, আকাশসহ সমগ্র সৃষ্টি জগৎ সবকিছুই মহান আল্লাহর তাসবিহ পাঠ করে। আমরা যাকে নিছক প্রাকৃতিক শব্দ বা ঘটনা মনে করি, তা আসলে এক অবিরাম ইবাদতের ধারা, যা আমাদের দৃষ্টির আড়ালে চলমান।

এই আয়াতগুলো আমাদের সামনে ভয়, আশা, রহমত, সতর্কতা ও সান্ত্বনাসহ এক অনন্য ভারসাম্যের শিক্ষা তুলে ধরে। বজ্রপাতের প্রতিটি ঝলক যেন আমাদের অন্তরে প্রশ্ন তোলে, আমরা কি মহান আল্লাহকে যথাযথভাবে স্মরণ করছি? প্রকৃতির এই দৃশ্যগুলো আমাদের ইমানকে জাগ্রত করার জীবন্ত নিদর্শন। এই মহাবিশ্বের প্রতিটি কণা, প্রতিটি ধ্বনি, প্রতিটি আলো-ছায়া সবই যেন তার স্রষ্টার দিকে ইঙ্গিত করে, এক অবিরাম তাসবিহের ধারা হয়ে। প্রকৃতির প্রতিটি নিদর্শনই যখন মহান আল্লাহর দিকে আহ্বান জানায়, তখন একজন মুমিনের হৃদয় জেগে ওঠে ভয় ও আশার ভারসাম্যে, রবের স্মরণে এবং তার মহিমার স্বীকৃতিতে। এসব আয়াত থেকে মহান আল্লাহ আমাদের সবাইকে যথাযথভাবে বোঝার তৌফিক দান করুন। আমিন।

লেখক : ইসলামবিষয়ক গবেষক