আগামী ১৫ মে মুক্তি পাওয়ার কথা চিত্রনায়িকা মৌসুমী অভিনীত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমাটি। তবে মুক্তির আগেই বিতর্কে জড়িয়েছে বিষয়টি নিয়ে। সিনেমাটির প্রদর্শন বন্ধের দাবি জানিয়েছেন মৌসুমী ও তার স্বামী চিত্রনায়ক ওমর সানী। বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। অন্যদিকে ওমর সানীর বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ তুলেছেন ‘কন্ট্রাক্ট ম্যারেজ’র পরিচালক হাসান জাহাঙ্গীর।
গতকাল রবিবার (৩ মে) প্রকাশিত এক ভিডিও বার্তায় ওমর সানী দাবি করেন, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ আসলে সিনেমা নয়, এটি একটি নাটক হিসেবে যুক্তরাষ্ট্রে শুটিং করা হয়েছিল। তার ভাষ্য, দর্শক মৌসুমীকে যেভাবে দেখতে অভ্যস্ত, এই কাজটি সেই ধারার সঙ্গে যায় না। তাই এটি বন্ধের অনুরোধ জানান তিনি।
একই ভিডিওতে ভয়েস ওভারে নিজের অবস্থান তুলে ধরেন মৌসুমী। তিনি উল্লেখ করেন, এটি মূলত এক ঘণ্টার নাটক হিসেবে শুটিং হয়েছিল। পরিচালকের অনুরোধে তিনি কাজটি করতে রাজি হন এবং কয়েকদিনের শুটিং সম্পন্ন করেন। পরে পরিচালক জানান, ফুটেজ বেশি হওয়ায় এটিকে টেলিফিল্ম হিসেবে মুক্তি দিতে চান এবং সে অনুযায়ী পারিশ্রমিক দেওয়ার কথাও বলেন।
মৌসুমীর অভিযোগ, পরবর্তীতে তার অজান্তেই কাজটি সিনেমা হিসেবে মুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেন্সর সার্টিফিকেটও নেওয়া হয়েছে। তিনি মন্তব্য করেন, পুরো বিষয়টি তার কাছে অস্বস্তিকর এবং এতে তাকে ‘কাটপিসের মতো’ ব্যবহার করা হয়েছে বলে মনে হয়েছে। সংশ্লিষ্ট সমিতিগুলোর দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি বিবেচনার আহ্বান জানান তিনি।
ওমর সানী জানান, ইতিমধ্যে বিভিন্ন শিল্পী ও প্রযোজক সমিতিতে চিঠি দেওয়া হয়েছে এবং প্রয়োজন হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।