চাঁদা না পাওয়ায় শ্রমিকদের পিটিয়ে আহত, আটক ১ 

মুন্সীগঞ্জের গজারিয়ায় চাঁদা না পাওয়ায় দুই দফায় শ্রমিকদের হুমকি ও পিটিয়ে আহত করায়, ভয়ে ও আতংকে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। 

রবিবার (৩ মে) রাত ৯টায় উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের আড়ালিয়া স. প্রা. বিদ্যালয় সংলগ্ন সড়কে এই ঘটনা ঘটে। 

আহতরা হলেন- শহিদুল (২৫), ওয়াহিদ (৩৭), রিফাত (১৮) তারা সবাই নির্মাণ ঠিকাদার প্রতিষ্ঠানের শ্রমিক। 

আটককৃত মো. শরীফ হোসেন (৩৫) উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের আড়ালিয়া গ্রামের শফি উল্লাহ সরকারের ছেলে।  

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এর অধীনে জিডিপি ৩ প্রকল্পের আওতায় ৩ কোটি ২০ লাখ টাকায় এই সেতু নির্মাণের উদ্যোগ নেয় সরকার, কাজ পান প্রতিষ্ঠান ওরিয়েন্ট ট্রেড ইন্টারন্যাশনাল, ইতিমধ্যে ব্রিজের ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে।

আহত শহিদুল বলেন, গত ২৭ এপ্রিল কাজ করা অবস্থায় স্থানীয় বুলবুল নামে এক যুবক সাইডে এসে ৫ ইঞ্চি মোটা ও ২৫ ফুট লম্বা ৫টা পাইপ চায় মাছের ঘেরের বেড়া দেওয়ার জন্য আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলার অনুরোধ করলে আমাদের দেখে নেওয়ার হুমকি ধামকি দিয়ে চলে যায় পরে গতকাল রাত ৯টার দিকে কাজ শেষে ফেরার পথে আড়ালিয়া স্কুলের সামনে চাঁন বাদশা, ইব্রাহিমসহ ৭/৮ জন পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে কাঠের ডাসা, লোহার পাইপ দিয়ে আমাদের উপর হামলা চালিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে।

ঠিকাদারি প্রতিষ্ঠান ওরিয়েন্ট ট্রেড ইন্টারন্যাশনাল স্বত্বাধিকার দেলোয়ার হোসেন জিতু বলেন, তারা আমার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করলে না দেওয়ায় এক শ্রমিককে পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছিল। এখন আবার পিটিয়ে তিন শ্রমিককে গুরুতর আহত করেছে। এই ঘটনায় সাইডে কাজ করা শ্রমিকরা ভয়ে আতংকিত হয়ে তারা আজ কাজ বন্ধ করে দিয়েছে। 

বিষয়টা নিয়ে উপজেলা প্রকৌশলী সামিউল আরফিন বলেন, খবর পেয়েই আমি অফিসার ইনচার্জ জানাই। তিনি তাৎক্ষণিক পুলিশ পাঠিয়েছেন। এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী বলেন, খবর পেয়েই আমি নিজে ফোর্সসহ ঘটনাস্থল যাই, ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করে নিয়ে আসা হয়। মামলা দায়ের প্রক্রিয়া চলমান।