পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন

২০৬ আসনে বিজেপির জয়

মমতার দর্প চূর্ণ করে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ইতিহাস গড়তে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসকে হটিয়ে প্রথমবারের মতো এই রাজ্যে জয়ের পথে রয়েছে তারা। সোমবার ( ৪ মে )  বিকেলে ২৯৪ আসনের বিধানসভায় ২০৬ টি আসনে জয় পেয়েছে বলে নিশ্চিত করেছে বিজেপি। বিপরীতে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে মাত্র ৯৪টি আসনে।

বিজেপির সম্ভাব্য বড় জয়ের আভাস পেয়ে দলটির কর্মী-সমর্থকরা রাজ্যজুড়ে বিজয় উল্লাস শুরু করেছেন। তবে সরকার গঠন করলে কে হবেন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী, তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন একজন ‘ভূমিপুত্র’ বা বাঙালি।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, মুখ্যমন্ত্রী পদের দৌড়ে সম্ভাব্য কয়েকজনের নাম উঠে আসছে। তারা হলেন বর্তমান বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির বর্তমান সভাপতি শমীক ভট্টাচার্য, বিজেপির সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদার, প্রাক্তন সাংবাদিক ও রাজ্যসভার সাবেক সাংসদ স্বপন দাশগুপ্ত।পশ্চিমবঙ্গে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার ১৪৮। গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী বিজেপি সেই লক্ষ্যমাত্রা অনায়াসেই পার করে যাচ্ছে।

বড় ব্যবধানে পিছিয়ে পড়ায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। রাজ্যের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীসহ বিজেপি শীর্ষ নেতারা ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা শেষ এবং রাজ্যে বিজেপিই সরকার গঠন করতে যাচ্ছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শেষ পর্যন্ত কার ওপর আস্থা রাখেন, এখন সেটিই দেখার বিষয়। চূড়ান্ত ফলাফল ঘোষণার পর এই বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসবে বলে ধারণা করা হচ্ছে।