পশ্চিমবঙ্গের কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট : ৩০ জুন ২০২৬, ০২:০৪ পিএম

ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া পেট্রোকেমিক্যালস (এইচপিএল) কারখানার ন্যাপথা পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৫ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। আগুন নিয়ন্ত্রণে দমকলের ১২টি ইউনিট কাজ করছে। এ ঘটনায় হলদিয়া-পাঁশকুড়া রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) ভোর সাড়ে ৪টার দিকে হলদিয়ার ১৩ নম্বর ওয়ার্ডের চিরঞ্জিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, আগের রাত থেকেই এলাকায় গ্যাসের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছিল। বিষয়টি হলদিয়া পেট্রোকেমিক্যালস কর্তৃপক্ষকে জানানো হলেও দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

স্থানীয় সূত্র জানায়, ভোরে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের পর ন্যাপথা পাইপলাইনে আগুন ধরে যায় এবং মুহূর্তেই বিশাল অগ্নিশিখা ছড়িয়ে পড়ে। গ্যাস লিকের কারণে আগুন পাশের বস্তি এলাকায়ও ছড়িয়ে পড়ে। এতে কয়েকটি বসতঘর পুড়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে দমকলের ১২টি ইউনিট। তবে আগুনের তীব্রতায় তা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। পানি ও ফোম স্প্রে করেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দমকলের প্রাথমিক ধারণা, বজ্রপাতের কারণে পাইপলাইনে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে।

দমকলকর্মীরা প্রথমে ১৫ জন দগ্ধ ব্যক্তিকে উদ্ধার করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আরও প্রায় ২০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সব মিলিয়ে আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জনে। এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে গুরুতর দগ্ধ ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য গ্রিন করিডোরের মাধ্যমে কলকাতায় পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, আহতদের প্রথমে হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে যাদের অবস্থা সংকটাপন্ন, তাদের কলকাতার বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে অগ্নিকাণ্ডের কারণে হলদিয়া-পাঁশকুড়া রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি হলদিয়া টাউনশিপ-দুর্গাচক সড়কের এক্সাইড রোডেও যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণে পাইপলাইনের পাশ দিয়ে যাওয়া ওভারহেড বৈদ্যুতিক তার, ট্রান্সফরমার এবং রেললাইনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। টিআরডি বিভাগের কর্মীরা মেরামতকাজে ঘটনাস্থলে পৌঁছালেও আগুনের তীব্রতার কারণে কাজ শুরু করতে পারেননি। ফলে ট্রেন চলাচল কবে স্বাভাবিক হবে, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত