নড়াইলে ৩৮ কেজি গাজাসহ মাদক কারবারী আটক 

নড়াইলের নড়াগাতী থানার পাখিমারা গ্রামে ৩৮ কেজি গাজাসহ রুচিয়া বেগম (৫৪) নামে এক মহিলা মাদক কারবারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (৪মে)  দুপুর সাড়ে ১২ টার দিকে ওই মহিলার বাড়িতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করে। রুচিয়া বেগম ওই গ্রামের মৃত তরিকুল সরদারের স্ত্রী। তার বিরুদ্ধে এর আগেও ৪টি মামলা রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল অফিস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রামের মধ্যপাড়ায় রুচিয়া বেগমের  বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে রুচিয়া বেগমের ঘরে তল্লাশি চালায়। এসময় রুচিয়া বেগমের ঘরের খাটের নিচ থেকে দুটি বস্তা ও একটি ব্যাগ ভর্তি ৩৮ কেজি গাঁজা জব্দ করে।

এলাকাবাসী জানায়, ওই মহিলা কয়েক বছর ধরে মাদকের কারবার করে আসছে। ইতেমধ্যে কয়েকবার পুলিশের হাতে আটক হলেও কিছুদিন পর আদালত থেকে জামিনে বেরিয়ে আসে। তার বিরুদ্ধে নড়াগাতী থানায় কয়েকটি মামলা রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক গোলক মজুমদার জানান, জব্দকৃত ৩৮ কেজি গাঁজার আনুমানিক বাজার মূল্য ১৫ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনার সাথে  রুচিয়া বেগমের আরেক সহোযোগী একই গ্রামের মৃত লুৎফুর সরদারের ছেলে বিপুল সরদার পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। রুচিয়া বেগম ৩/৪ বছর ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছে। তার নামে আরো ৪টি মামলা হয়েছে। আজকের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুচিয়া ও তার সহযোগী বিপুল সরদারের নামে নড়াগাতী থানায় মামলা হয়েছে (মামলা নং-০১)।  মাদক নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান চলবে বলে জানান তিনি।