বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মদিন আজ

সুলতান সংগ্রহশালাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৯:১০ এএম

আজ ১০ আগস্ট বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ১০৪তম জন্মদিন। ১৯২৩ সালের এই দিনে নড়াইলের মাছিমদিয়ায় মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা মেছের আলী ও মা মাজু বিবি। শিল্পী সুলতান গ্রামীণ জীবন, কৃষক-শ্রমিক ও তাদের পেশি শক্তিকে রঙ তুলির ক্যানভাসে ফুটিয়ে তুলেছিলেন।

বাবা-মা আদর করে সুলতানের নাম রেখেছিলেন লাল মিয়া। তার বাবা পেশায় একজন রাজমিস্ত্রী ও কৃষক।  আর্থিক অস্বচ্ছলতার কারণে প্রাতিষ্ঠানিক পড়াশোনায় বেশিদূর এগোতে পারেননি সুলতান। পঞ্চম শ্রেণিতে পড়ার পর তার স্কুলজীবনের ইতি ঘটে। এরপর তিনি বাবার সঙ্গে রাজমিস্ত্রির কাজ শুরু করেন। ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি তার প্রচণ্ড আগ্রহ ছিল। বাবার সঙ্গে রাজমিস্ত্রির কাজ করার পাশাপাশি তিনি দালানকোঠার ছবি আঁকা শুরু করেন। ১৯৩৮ সালে তিনি কলকাতার আর্ট স্কুলে ভর্তি হয়ে প্রায় তিন বছর চিত্রকলার ওপর প্রাতিষ্ঠানিক শিক্ষা নেন। 

জীবদ্দশায় কিংবদন্তি চিত্রশিল্পী এস এম সুলতানের ছবি প্রদর্শনী বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য অনুষ্ঠিত হয়েছে। ১৯৪৬ থেকে ১৯৫১ সালের মধ্যে তিনি এসব দেশে বেশ কয়েকটি একক ও যৌথ প্রদর্শনীতে অংশ নেন।

চিত্রশিল্পের মূল্যায়ন হিসেবে এস এম সুলতান ১৯৮২ সালে একুশে পদক ও ১৯৯৩ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন।

১৯৯৪ সালের ১০ অক্টোবর শিল্পী সুলতানের মৃত্যুর পর তার স্মৃতি সংরক্ষণে ২০০৩ সালে প্রায় এক একর জমির ওপর স্মৃতি সংগ্রহশালা ও শিশুস্বর্গ তৈরি করা হয়। এছাড়া শিল্পীর নামে একটি আর্ট কলেজ প্রতিষ্ঠা করা হয়। শিশুস্বর্গে বর্তমানে সপ্তাহে ২দিন শিশুরা ছবি আঁকা শেখে। কোমলমতি এসব শিশুরা শিল্পী এসএম সুলতানের মতো চিত্রশিল্পী হওয়ার স্বপ্ন দেখছে।

শিশু শিক্ষার্থী অজিহা কবির জানায়, সে সপ্তাহে দুদিন আর্ট শিখতে আসে। প্রাকৃতিক দৃশ্য, নদী, খাল, বিলসহ বিভিন্ন বিষয়ের ওপরে ছবি আঁকা শিখেছে। বড় হয়ে সেও এম সুলতানের মত শিল্পী হতে চায়। 

এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালায় রয়েছে শিল্পীর আঁকা দুর্লভ কিছু ছবি ও তার ব্যবহার্য জিনিসপত্র। সংগ্রহশালায় বর্তমানে শিল্পী সুলতানের ২৩টি দুর্ভল চিত্রকর্ম এবং ৫৩টি রেপ্লিকা রয়েছে। শিল্পীর আরও চিত্রকর্ম সংরক্ষিত থাকলেও স্থান সংকুলান না হওয়ায় প্রদর্শন করা যাচ্ছে না। সংগ্রহশালাটি সম্প্রসারণে জমি অধিগ্রহণের প্রস্তাবনা মন্ত্রণালয়ে ফাইলবন্দি হয়ে পড়ে আছে। মাত্র এক দশমিক ৫৭ একর জমির ওপর শিল্পীর স্মৃতি সংগ্রহশালা স্থাপনা দেখে ঘুরে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত দর্শনার্থীরা পরিপূর্ণ আত্মতৃপ্তি পান না।

চিত্রশিল্পী এসএম সুলতানের বাসভবন ও  শিশুদের ছবি আঁকা শেখের ভবন ‘শিশুস্বর্গ’। ছবি: কোলাজ

ঢাকার মিরপুর থেকে কলেজছাত্রী হাসিবা ইসলাম তার পরিবারের সাথে ঘুরতে এসেছিলেন সুলতান স্মৃতি সংগ্রহশালায়।  শিল্পী ছবিগুলো দেখে ভালো লেগেছে। তবে জায়গা কম হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন।

বান্ধবীদের নিয়ে ঘুরতে আসা খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমা এস এম সুলতানের নৌকাটিকে (ভাসমান শিশুস্বর্গ) মেরামত করে নদীতে ভাসানোর দাবি জানান।

এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জী বলেন, পদ্মা সেতু ও মধুমতি সেতু চালুর পর এসএম সুলতান স্মৃতি সংগ্রহলায় দর্শনার্থী বেড়েছে। বর্তমানে শিল্পী সুলতানের ২৩টি দুর্ভল চিত্রকর্ম এবং ৫৩টি রেপ্লিকা রয়েছে। শিল্পীর আরো চিত্রকর্ম থাকলেও স্থান সংকুলান না হওয়ায় প্রদর্শন করা যাচ্ছে না।

তিনি বলেন, সংগ্রহশালাটিকে পর্যটন বান্ধব করতে জমি অধিগ্রহণসহ কিছু স্থাপনা নির্মাণের জন্য এটি প্রকল্প মন্ত্রণালয় পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদন হলে সুলতান সংগ্রহশালাটি একটি পর্যটন কেন্দ্রে রূপ নেবে।  এছাড়া সুলতানের নৌকাটির একটি রেপ্লিকা তৈরি করার পরিকল্পনা রয়েছে। রেপ্লিকাটি তৈরি করা গেলে আগের মত শিশু শিক্ষার্থীরা নৌকায় ভেসে ভেসে মনের আনন্দে ছবি আঁকতে পারবে। পাশাপাশি দর্শনার্থীরাও ইচ্ছা করলে নৌকাটি ব্যবহার করে বিনোদনের সুযোগ পাবে। এ ব্যাপারে আশা করি প্রকল্পটি অনুমোদন হলে  সংগ্রহশালার পরিধি বাড়বে এবং পর্যটনবন্ধব হয়ে উঠবে।

১০৪তম জন্মদিনের কর্মসূচি

শিল্পী সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে সংশ্লিষ্টরা। কর্মসুচির মধ্যে রয়েছে কোরআন খতম, শিল্পীর মাজারে শ্রদ্ধাজ্ঞাপন, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন উৎসব, আর্টক্যাম্প, চিত্রপ্রদর্শনীর উদ্বোধন, আলোচনা সভা ও এসএম সুলতান সম্মাননা পদক বিতরণ। এবছর সুলতান সম্মাননা পদক পাচ্ছেন বাংলাদেশের একজন প্রখ্যাত চিত্রশিল্পী, প্রিন্টমেকার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুস সাত্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলাসহ অন্যান্য অতিথিরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত