অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সার্বিক কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। এতে অন্তর্বর্তী সরকারের সময় গৃহীত সিদ্ধান্তের মধ্যে বিভিন্ন বিষয়ে আইন প্রণয়ন, সংস্কার কমিশন ও দেশি-বিদেশি চুক্তির বৈধতাও চ্যালেঞ্জ করা হয়েছে। এ ছাড়া ওই সরকারের সময়ের সার্বিক কার্যক্রমের বিষয়ে কমিশন গঠন করে অনুসন্ধানের নির্দেশনাও চাওয়া হয়েছে রিট আবেদনে।

জনস্বার্থে গতকাল সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ মহসিন রশিদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করেন। আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দুই সচিবকে বিবাদী করা হয়েছে। আইনজীবী মহসিন রশিদ বলেন, ড. ইউনূসের যেসব অপকর্ম আছে এগুলোর তদন্ত হওয়া দরকার। এ বিষয়ে মন্ত্রী পরিষদ সচিব এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দুই সচিবকে আইনি নোটিস দিয়েছিলাম। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। তাই হাইকোর্টের একটি বেঞ্চে রিট পিটিশন উপস্থাপন করেছিলাম। আগামী রবিবার এটি শুনানিতে আসতে পারে।

এর আগে অন্তর্বর্তী সরকারের শপথ ও ওই সরকারের গঠন প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে রিট আবেদন করেছিলেন এই আইনজীবী। সেটি ২০২৫ সালের ১৯ জানুয়ারি হাইকোর্ট খারিজ করে দেয়। এর পর তিনি এর বিরুদ্ধে আপিল বিভাগে গেলে সেখানেও তার আবেদন নাকচ হয়।

প্রসঙ্গত, গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল বিএনপির কাছে ১৭ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকার দায়িত্ব হস্তান্তর করে।