শেয়ার কেলেঙ্কারি মামলা

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে প্রতিবেদন ২৭ অক্টোবর

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৭:২০ এএম

ব্রিলিয়ান্ট বিজনেস কোম্পানি লিমিটেডের নামে ইসলামী ব্যাংকের ২৫১ কোটি টাকার শেয়ার অধিগ্রহণ ও ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ অক্টোবর দিন ধার্য করেছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির এই তারিখ নির্ধারণ করেন। গতকাল এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত সংস্থা দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে কোনো প্রতিবেদন দাখিল না করায় নতুন এ তারিখ ধার্য হয়।

২০২৫ সালের ৪ সেপ্টেম্বর ইসলামী ব্যাংকের পক্ষে সিনিয়র অফিসার মো. আবদুস ছামাদ বাদী হয়ে এ মামলাটি করেন। ওই দিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে দুদককে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। মামলায় সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালক ‘মো. শাহাবুদ্দিন’ হিসেবে ১২ নম্বর আসামি করা হয়েছে।

মামলার অভিযোগ বলা হয়Ñ আসামিদের পরিচালিত ব্রিলিয়ান্ট বিজনেস কোম্পানি লিমিটেড অভিযোগকারী প্রতিষ্ঠানের ৭ কোটি ৭৫ লাখ ৩৬ হাজার ৩৯৩টি শেয়ার অধিগ্রহণ করেন, যা প্রতিষ্ঠানটির মোট শেয়ারের ৪ দশমিক ৮১৬০ শতাংশ। এসব শেয়ারের মোট মূল্য ২৫১ কোটি টাকা। ব্রিলিয়ান্ট বিজনেস কোম্পানি লিমিটেডের অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা হলেও পরিশোধিত মূলধন ছিল মাত্র ৮ লাখ টাকা। মাত্র ৮ লাখ টাকা পরিশোধিত মূলধনের একটি প্রতিষ্ঠানের নামে ২৫১ কোটি টাকার শেয়ার অধিগ্রহণ আর্থিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অভিযুক্তরা পরিকল্পিতভাবে, পরস্পর যোগসাজশে অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে এ লেনদেন সম্পন্ন করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত