পটুয়াখালীর দুমকিতে জনতার হাতে এক প্রেমিক যুগল আটক হওয়ার ঘটনায় স্থানীয়ভাবে শালিস বৈঠকের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (৫ মে) সন্ধ্যায় উপজেলার লেবুখালী এলাকার পায়রা সেতুর নিচে পুরাতন ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী উপজেলার এক তরুণী (১৬) ও লেবুখালী এলাকার এক তরুণের (১৮) মধ্যে কিছুদিন ধরে সম্পর্ক ছিল। সোমবার সন্ধ্যায় তারা পায়রা সেতুর নিচে অবস্থানকালে স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করা হয়।
পরে খবর পেয়ে তরুণীর স্বামী ঘটনাস্থলে এসে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। স্থানীয়রা জানান, কয়েক মাস আগে ওই তরুণীর বিয়ে হয়।
তবে তরুণী তার স্বামীর সঙ্গে যেতে অনাগ্রহ প্রকাশ করেন বলে জানা গেছে। পরবর্তীতে উভয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। পারিবারিক ও সামাজিক দিক বিবেচনায় শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা চলছে।