গণমাধ্যম সপ্তাহ: সাংবাদিকদের ১৪ দফা দাবিতে র‌্যালি 

গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের ১৪ দফা দাবি তুলে ধরে শেরপুরের নকলা উপজেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানসহ বিভিন্ন দাবিতে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নকলা উপজেলা শাখা।

কর্মসূচির অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বিএমএসএফ নকলা উপজেলা শাখা কার্যালয়ে নকলা হলচত্তর মোড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন দৈনিক দেশ রূপান্তরের সাংবাদিক শাফিউজ্জামান রানা। সভাপতির বক্তব্যে তিনি গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, ন্যায্য বেতন কাঠামো প্রণয়ন, তথ্যপ্রাপ্তির অধিকার বাস্তবায়নসহ ১৪ দফা দাবি তুলে ধরেন। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র শক্তিশালী হবে না।

আলোচনা সভায় বক্তব্য দেন যায়যায়দিন পত্রিকার সাংবাদিক লাভলু, প্রতিদিনের সংবাদ পত্রিকার নাহিদুল ইসলাম রিজন, আজকের পত্রিকার জাহাঙ্গীর আলম, শেরপুর জেলা প্রতিনিধি নিউজ ২১-এর সাংবাদিক শান্ত রায়, মোহনা টিভির আব্দুল্লাহ আল আমিন এবং বিজয় টিভির সাংবাদিক ইউসুফ আলী মুন্ডল।

বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।

এ সময় উপস্থিত ছিলেন বিএমএসএফ নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আরিফুর রহমান, রাইসুল ইসলাম রিফাত, এএম ফিরোজ হোসেন, জহিরুল ইসলামসহ জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।

সভায় বক্তারা দ্রুত সময়ের মধ্যে ১৪ দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।