নকলায় দুর্যোগ প্রশমন দিবস পালিত

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০১:০৫ পিএম

শেরপুরের নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়।

উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধিতে আয়োজিত মহড়ায় অংশ নেয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

"ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, ওয়্যারহাউস পরিদর্শক নাছির হোসাইন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন শামীমসহ অন্যরা।

আলোচনা সভায় বক্তারা দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন। এ সময় অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা নকলা ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানায়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, পরিবেশ ধ্বংসের কারণে দেশে দুর্যোগের ঝুঁকি বাড়ছে। পরিবেশ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে এবং বিভিন্ন দুর্ঘটনা এড়িয়ে চলতে সবাইকে সতর্ক থাকতে হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত