ঢাকায় অপহরণ ও হত্যাকাণ্ডের শিকার এক যুবকের লাশ ঢাকা সিলেট মহাসড়কের আন্দিউড়া উম্মেতুন্নেছা হাইস্কুলের ১০০ গজ উত্তর থেকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে ঢাকার বাড্ডা থানা পুলিশের একটি দল মাধবপুর থানা পুলিশের সহযোগীতায় মরদেহটি উদ্ধার করে।
নিহত মো. ফরহাদ হোসেন মাহির (২৩) ঢাকার উত্তরখান থানার চাঁনপাড়া এলাকার আব্দুল আউয়ালের ছেলে। সে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উত্তরা শাখায় পড়াশোনা করতো।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা ফরহাদকে অপহরণ করে। এরপর তাকে বাড্ডা থানার আফতাবনগরের একটি নির্জন রুমে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে বাড্ডা থানায় মামলা করলে পুলিশ মৃদুল সরকার নামে একজনকে গ্রেপ্তার করে। মৃদুল সরকার ফরহাদ হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে।
পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার মৃদুল সরকারকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা।