কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাঁড়াশ ও কালনাগিনী সাপ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের একটি দাঁড়াশ ও দেড় ফুট দৈর্ঘ্যের একটি কাল নাগিনী সাপ উদ্ধার করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। 

মঙ্গলবার  (৫ মে) সকালে নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামের কৃষক নীলকান্তের বাড়ি থেকে জালে পেঁচানো অবস্থায় দাঁড়াশ এবং পশ্চিম সেনাতলা গ্রামের মাসুদ মোল্লার বাসা থেকে কালনাগিনী সাপটি উদ্ধার করা হয়। পরে বেলা এগারটার দিকে সাপ দুটি চিকিৎসার জন্য উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে নিয়ে আসা হয়। এসময় সাপ দুটিকে দেখতে ভীড় জমায় স্থানীয়রা। কালচে বাদামী বর্ণের দাঁড়াশ সাপটি সম্পূর্ন নির্বিশ ও  সবুজ এবং হলুদের মাঝে লাল-কালো ডোরাকাটা বর্ণের কালনাগিনী সাপটি মৃদু বিষধর।

এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ আহসান বলেন, হটলাইনে ফোন পাওয়ার পরে সাপ দুটি উদ্ধার করা হয়েছে। আঘাতপ্রাপ্ত হওয়ায় সাপ দুটিকে নিয়ে কলাপাড়া প্রাণিসম্পদ কেন্দ্র চিকিৎসা প্রদান করা হয়েছে। 

কলাপাড়া উপ সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলী আহসান বলেন, এনিমেল  লাভার্স অফ পটুয়াখালী কলাপাড়ার টিম লিডার বাইজিদ আহসান আমাদের কলাপাড়া প্রাণিসম্পদ কেন্দ্রে নিয়ে  আসেন, সাপ দুটি আঘাতপ্রাপ্ত হওয়ায় আমরা সাপ দুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি, পুরোপুরি সুস্থ হলে সাপ দুটিকে কলাপাড়া বন বিভাগের সহায়তায় সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে।