শেষ হলো রাস উৎসব, পর্যটক খরায় হতাশ ব্যবসায়ীরা 

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পিএম

গঙ্গাস্নানের মধ্য দিয়ে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব ও রাসমেলা। রাস পূর্ণিমা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো পুণ্যার্থী জীবনের পাপমোচন ও পুণ্যলাভের আশায় সমুদ্রের জলে পুণ্যস্নানে অংশ নেন। যুগ যুগ ধরে চলে আসা ধর্মীয় রীতি ও বিশ্বাসের অংশ হিসেবে এই স্নান পালন করেন তারা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর থেকেই কুয়াকাটা সমুদ্রসৈকতে জড়ো হতে থাকেন হিন্দু ধর্মাবলম্বীরা। পূর্ণিমার পুণ্যতিথিতে সাগরের জলে অবগাহন করে পাপমোচন, আত্মিক শুদ্ধি ও পুণ্যলাভের আশায় প্রার্থনা করেন তারা। নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে সৈকত।

দুই শত বছরেরও বেশি সময়ের ঐতিহ্য বহন করে আসছে কুয়াকাটার রাস উৎসব। রাস পূর্ণিমাকে ঘিরে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি বসে ঐতিহ্যবাহী রাসমেলা। মেলায় কেনাকাটা, নাগরদোলা ও নানা আয়োজন ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ ও তীর্থযাত্রী সেবাশ্রমের আহ্বায়ক নীহার রঞ্জন মণ্ডল বলেন, প্রতিবছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে এই রাস উৎসব ও রাসমেলা অনুষ্ঠিত হয়। এবারও পাপমোচন, পুণ্যলাভ, আত্মিক শুদ্ধি, পূর্বপুরুষদের মঙ্গল কামনা এবং ধর্মীয় ঐতিহ্য ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এ আয়োজন করা হয়েছে। হাজারো পুণ্যার্থীর আগমনে মুখর হয়ে উঠেছিল সৈকত।

সাতক্ষীরা থেকে আগত পুরোহিত মহাদেব চক্রবর্তী জানান, রাস পূর্ণিমার এই বিশেষ তিথিতে গঙ্গাস্নান পাপমোচন ও পুণ্যলাভের একটি পবিত্র মাধ্যম বলে বিশ্বাস করেন ভক্তরা। তারা গামছা, ঘাস, তিল, তেল ও ফুলসহ বিভিন্ন উপকরণ নিয়ে সাগরের জলে স্নান করেন। এরপর পূজা-অর্চনা ও প্রার্থনার মাধ্যমে আত্মিক শুদ্ধি অর্জনের পাশাপাশি নিজের ও পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করেন। গঙ্গাস্নানের মধ্য দিয়ে ভক্তরা তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করেন।

প্রতিবছর এ উৎসবকে ঘিরে কুয়াকাটায় সমাগম ঘটে দেশ-বিদেশের পর্যটক ও পুণ্যার্থীদের। এতে স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও তৈরি হয় বাড়তি কর্মচাঞ্চল্য। তবে এবার রাজনৈতিক সহিংসতার প্রভাব ও টানা চার দিনের বৃষ্টিতে পর্যটক সমাগম ছিল প্রত্যাশার তুলনায় অনেক কম।ফলে প্রত্যাশিত বিক্রি না হওয়ায় হতাশায় পড়েছেন মেলার ব্যবসায়ীরা।

সৈকতের খান মার্কেটের ব্যবসায়ী এমাদুল ইসলাম বলেন, ‘আমরা একেবারেই হতাশ। প্রত্যাশার তুলনায় ১০ ভাগের এক ভাগ মানুষও আসেনি। যে পরিমাণ মালামাল উঠিয়েছি, তার কিছুই বিক্রি করতে পারিনি। 

নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম হাওলাদার বলেন, আগত পুণ্যার্থী ও পর্যটকদের সেবা দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল। প্রতিবছরের মতো এবারও শান্তিপূর্ণভাবে রাসমেলা অনুষ্ঠিত হয়েছে।

গঙ্গাস্নানের মধ্য দিয়ে শেষ হলো এবারের রাস উৎসব ও রাসমেলা। তবে সাগরের ঢেউ আর পূর্ণিমার স্মৃতি হৃদয়ে ধারণ করে ফিরেছেন পুণ্যার্থীরা, আবারও একটি বছরের অপেক্ষা, পরবর্তী রাস পূর্ণিমার।

সর্বশেষ সর্বাধিক পঠিত