পাল্টাপাল্টি যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়া-ইউক্রেনের

প্রথমবারের মতো পৃথকভাবে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া ও ইউক্রেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮১তম বিজয় দিবসকে সামনে রেখে এই ঘোষণা আসে। 

সোমবার (৪ মে) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশ অনুযায়ী ৮ ও ৯ মে বিজয় দিবস উপলক্ষে রুশ বাহিনী যুদ্ধবিরতি পালন করবে। বিষয়টি আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে। 

রাশিয়ার এই ঘোষণার কিছুক্ষণ পরই পাল্টা ঘোষণা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, ইউক্রেন ৫ ও ৬ মে মধ্যরাত থেকে নিজেদের পক্ষ থেকে যুদ্ধবিরতি কার্যকর করবে।

যুদ্ধবিরতি নিয়ে দেওয়া বিবৃতিত ইউক্রেন যুদ্ধবিরতির সময়সীমা অনুসরণ করবে বলে আশা প্রকাশ করেছে রাশিয়া। তবে জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব তিনি পাননি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বার্তার ওপর ভিত্তি করে যুদ্ধ পরিচালনা সম্ভব নয়। 

জেলেনস্কি বলেন, যেকোনো বার্ষিকী উদযাপনের চেয়ে মানুষের জীবনের মূল্য অনেক বেশি। আগামী ৫ মে দিবাগত রাত ১২টা থেকেই তাদের যুদ্ধবিরতি শুরু হচ্ছে এবং এই সময়ের মধ্যে রণক্ষেত্রে নীরবতা নিশ্চিত করা সম্ভব ।

এই পাল্টাপাল্টি যুদ্ধবিরতির ঘোষণার ফলে চার বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে প্রথমবারের মতো একটি সাময়িক স্থিতাবস্থার সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও দুই দেশের যুদ্ধবিরতির সময়কাল ভিন্ন হওয়ায় এর কার্যকারিতা নিয়ে বিশ্লেষকদের মধ্যে সংশয় রয়েছে। 

ক্রেমলিন যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবসের কুচকাওয়াজকে সামনে রেখে বিরতি চাইছে, তখন জেলেনস্কি রুশ নেতাদের যুদ্ধের স্থায়ী অবসানে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। ইউক্রেনীয় কর্মকর্তাদের মতে, এই কয়েক দিনের বিরতি সাধারণ নাগরিকদের জন্য কিছুটা স্বস্তি নিয়ে আসতে পারে।