উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরুর এক মাস আগে বড় ধাক্কা লাগলো ইরান জাতীয় ফুটবল দলে। পোল্যান্ড লিগে খেলার সময় হাঁটুর গুরুতর ইনজুরিতে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন দলের অভিজ্ঞ উইঙ্গার আলী গোলিজাদেহ।
পোলিশ ক্লাব লেচ পোজনানের হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন ৩০ বছর বয়সী আলী গোলিজাদেহ। গত সোমবারই তাকে এপ্রিল মাসের 'সেরা খেলোয়াড়' হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। গত শনিবার মোটোর লুব্লিনের বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে তিনি এসিএল ইনজুরিতে পড়েন।
লেচ পোজনান এক বিবৃতিতে জানিয়েছে, গোলিজাদেহর হাঁটুতে অস্ত্রোপচার প্রয়োজন এবং এরপর তাকে দীর্ঘ কয়েক মাস পুনর্বাসনে থাকতে হবে। ফলে জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপে তার খেলার আর কোনো সম্ভাবনা নেই। ২০২২ কাতার বিশ্বকাপে ইরানের হয়ে সবকটি ম্যাচ খেলা এই তারকার অনুপস্থিতি কোচ ও সমর্থকদের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
আগামী ১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ইরানের বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ বেলজিয়াম ও মিশর। তবে মাঠের লড়াইয়ের চেয়ে এখন মাঠের বাইরের পরিস্থিতিই বেশি আলোচনায়।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সামরিক সংঘাতের জেরে ইরানের ঘরোয়া ফুটবল লিগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। বিশ্বকাপ শুরুর আগে এই লিগ পুনরায় চালুর কোনো লক্ষণ নেই, যা স্থানীয় খেলোয়াড়দের ফিটনেসের ওপর প্রভাব ফেলছে।
বর্তমানে তেহরানে থাকা স্থানীয় খেলোয়াড়দের নিয়ে আগামী সপ্তাহে তুরস্কে একটি দীর্ঘমেয়াদী ক্যাম্প করার পরিকল্পনা করেছে ইরান ফুটবল ফেডারেশন।
ফিফার নিয়ম অনুযায়ী, উদ্বোধনী ম্যাচের অন্তত পাঁচ দিন আগে দলকে অ্যারিজোনার টুসন ক্যাম্পে পৌঁছাতে হবে। বর্তমান ভূ-রাজনৈতিক অস্থিরতার মাঝে ইরানি প্রতিনিধিদের যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং নিরাপত্তা নিশ্চিত করতে আগামী দুই সপ্তাহের মধ্যে ফিফা সভাপতি ও ইরানি ফেডারেশনের কর্মকর্তাদের জুরিখে এক জরুরি বৈঠকে বসার আমন্ত্রণ জানানো হয়েছে।
যদি সব অনিশ্চয়তা কাটিয়ে ইরান বিশ্বকাপে অংশ নেয়, তবে তাদের প্রথম দুটি ম্যাচ ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে এবং তৃতীয় ম্যাচটি সিয়াটলে অনুষ্ঠিত হবে। সমীকরণ অনুযায়ী, ইরান যদি গ্রুপ পর্বে দ্বিতীয় স্থান অর্জন করে, তবে নকআউট পর্বে (রাউন্ড অব ৩২) তাদের চিরপ্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।