ব্রাহ্মণবাড়িয়ায় আদালত চত্বর থেকে হাতকড়াসহ মাদক মামলার দুই আসামি পালিয়ে গেছেন। তবে স্থানীয়দের সহায়তায় হাতকড়াসহ একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মঙ্গলবার (৫ মে) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
পলাতক ও আটক আসামিরা হলেন– বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের সিংগারবিল গ্রামের সজল মিয়া (২৮) ও শাহীন মিয়া (২৯)। এর মধ্যে সজলকে বিকেল সাড়ে ৩টার দিকে শহরের নয়নপুরের হাসিনাবাগ এলাকা থেকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর এলাকা থেকে চার কেজি গাঁজাসহ সজল ও শাহীনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়। মঙ্গলবার দুপুরে বাঞ্ছারামপুর থানার দুই কনস্টেবল আসামিদের একটি গাড়িতে করে ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসেন।
বিকেল সোয়া ৩টার দিকে আদালত চত্বরে পৌঁছানোর পর গাড়ি থেকে নামানোর সময় দুই আসামি কৌশলে হাতকড়াসহ পালিয়ে যান। এ সময় নদীর পাড় দিয়ে দৌঁড়ে পালানোর সময় হাসিনাবাগ এলাকার স্থানীয়রা সজলকে আটক করে পুলিশে খবর দেন। অপর আসামি পানিতে ঝাঁপ দিয়ে কুরুলিয়া খাল পাড় হয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা সজলকে ডিবি পুলিশের কাছে সোপর্দ করেন।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন বলেন, ‘সোমবার বিকেলে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। আদালত চত্বরে গাড়ি থেকে নামানোর সময় তারা কৌশলে পালিয়ে যায়। তবে একজনকে আটক করা হয়েছে। অপরজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’