চট্টগ্রামের চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন এস এম দিদারুল ইসলাম সিকদার।
মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় তিনি বিদায়ী ওসি মো. ইলিয়াছ খান পিপিএমের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।
এর আগে এস এম দিদারুল ইসলাম সিকদার চট্টগ্রামের ডিএসবি শাখায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ২০০৫ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীর ২৭তম ব্যাচে উপ-পরিদর্শক (এসআই) পদে যোগদান করেন এবং ২০১৫ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি লাভ করেন। চাকরি জীবনে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি পার্বত্য জেলাসহ দেশের বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি আনোয়ারা থানার ওসি হিসেবেও কর্মরত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর নবাগত ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, ‘এই থানায় যতদিন দায়িত্বে থাকব, সমাজ থেকে অপরাধমূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব, ইনশাআল্লাহ।’
তিনি অপরাধ দমনে রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ সকলের সহযোগিতা কামনা করেন।
নবাগত ওসির বাড়ি বান্দরবান পার্বত্য জেলার সদর উপজেলায়। তিনি চট্টগ্রাম সরকারি কলেজ থেকে গণিত বিভাগে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।