গোবিন্দগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালকের দুই পা বিচ্ছিন্ন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা–রংপুর মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে দ্রুতগতির একটি বাস ধাক্কা দিলে বাসচালকের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় আরও তিন যাত্রী আহত হয়েছেন। 

মঙ্গলবার (৫ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে। 

গুরুতর আহত বাসচালক শান্ত মিয়া (২৬) গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের কুপতলা গ্রামের লুৎফর রহমানের ছেলে।

আহত অন্যরা হলেন— সুন্দরগঞ্জ উপজেলার ছাইতানতলা এলাকার মজিবর রহমানের ছেলে সিজু মিয়া (৩০), কুড়িগ্রামের চিলমারী উপজেলার মাঝিপাড়া এলাকার বিষ্ণু রায়ের স্ত্রী সাথী রাণী (২০) এবং বগুড়ার শিবগঞ্জ উপজেলার গণকপাড়া এলাকার আজিজার রহমানের ছেলে মানিক মিয়া (৩১)।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্তাপাড়া এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের নিচে রংপুর-ঢাকা মহাসড়কের পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে গাইবান্ধাগামী সৈকত ট্রাভেলসের একটি বাস পেছন থেকে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ চারজন গুরুতর আহত হন। আহত চালকের এক পা সম্পূর্ণ এবং অন্য পা আংশিক বিচ্ছিন্ন হয়ে যায়।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের রেজিস্ট্রেশন কর্মকর্তা মাসুদ রানা জানান, আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, ঘুমের কারণে বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন। তিনি আরও জানান, গুরুতর আহত চালককে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।