কফি আর বইয়ের গন্ধ মিলেমিশে একাকার

ঢাকার ব্যস্ত জীবনে ক্যাফে ও লাইব্রেরি নগর জীবনে এনে দেয় স্বস্তি। এক জায়গায় এক কাপ কফির সঙ্গে পাওয়া যায় বই পড়ার সুযোগ এবং নিরিবিলি পরিবেশ। শিক্ষার্থী, তরুণ ও পেশাজীবীদের জন্য হয়ে উঠছে কাজ, পড়াশোনা ও সময় কাটানোর বিকল্প স্থান। ঢাকার এমন কিছু ক্যাফে-লাইব্রেরির খোঁজ রইল, যেখানে কফির উষ্ণতার সঙ্গে মিশে থাকে বই পড়ার আনন্দ।

বেঙ্গল বই

ধানমন্ডি ২৭-এর বেঙ্গল বইয়ের ঠিকানা। এখানে পাঠক বিনামূল্যে বই পড়তে পারেন। বেঙ্গল বইয়ে রয়েছে চা-নাশতার আয়োজন, বই পড়া ছাড়াও তাদের নাশতার মেনু নিয়েও মানুষের রয়েছে আগ্রহ। তবে বেঙ্গল বইয়ের ক্যাফে অংশটি এমনভাবে তৈরি, যাতে পড়ার অভ্যাসে কোনো বিঘ্ন না ঘটে। আপনি চাইলে বই নিয়ে বসে পড়তে পারেন, আবার মাঝখানে কফি নিয়ে একটু বিরতি নিতে পারেন।

নার্ডি বিন

ধানমন্ডির এই ক্যাফেটির মূল আকর্ষণ বই না হলেও কফি খাওয়ার পাশাপাশি অনেকেই বইয়ের পাতা উল্টে দেখেন, কারণ এই জায়গার একটি কর্নার জুড়ে রয়েছে দেশি-বিদেশি নানা ধরনের বই। তবে এই জায়গায় বই কেনার সুযোগ নেই, শুধু কফির কাপে চুমুক দিয়ে বইয়ের পাতা উলটানো যাবে। কফি হাউজটির অবস্থান ধানমন্ডির ২ নম্বর রোডের আহমেদ কাজী টাওয়ারের আন্ডারগ্রাউন্ডে।  মাহিন ইসলাম প্রায় বিকালেই এই জায়গায় আসেন, তিনি পেশায় ফ্রিল্যান্স রাইটার। তিনি জানান, আমি এখানে কাজ করতে আসি। মাঝে মাঝে বই হাতে নিয়ে একটু পড়ি, মনটা ভালো হয়ে যায়। একঘেয়ামি দূর হয়।

উডরোজ দ্য বুক ক্যাফে

উত্তরার ‘উডরোজ দ্য বুক ক্যাফে’ এমনই এক ব্যতিক্রমধর্মী স্থান, যেখানে কফির সুবাস আর বইয়ের জগৎ একসঙ্গে তৈরি করেছে ভিন্নরকম অভিজ্ঞতা। ক্যাফেটিতে প্রবেশ করলেই চোখে পড়ে বইয়ে সাজানো তাক, নরম আলো এবং নিরিবিলি বসার ব্যবস্থা। কেউ বই পড়ছে আবার কেউ বা ল্যাপটপে কাজ করছে। কাজের ফাঁকে ফাঁকে দিচ্ছে কফিতে চুমুক। অনেকে খুব মন দিয়ে বই না পড়লে এসব ক্যাফতে বইয়ের কয়েক পাতা উল্টে দেখে, এটাই যেন ক্যাফে লাইব্রেরির সার্থকতা।

ঋদ্ধি বুক ক্যাফে

মিরপুরের একটু শান্ত পরিবেশে বই পড়া আর কফির স্বাদ নেওয়ার জন্য বেশ জনপ্রিয় ঋদ্ধি বুক ক্যাফে। মিরপুর-১১ এলাকায় অবস্থিত এই বুক ক্যাফে ধীরে ধীরে বইপ্রেমী ও তরুণদের একটি প্রিয় জায়গা হয়ে উঠেছে। এই ক্যাফেতে নিচতলায় রয়েছে কফি ও হালকা খাবারের ব্যবস্থা, আর ওপরের তলায় সাজানো বইয়ের তাক ও বই পড়ার জায়গা। এখানে এসে কেউ গল্পের বই পড়ছে, কেউ কাজ করছে, আবার কেউ নিরিবিলি সময় কাটাচ্ছে।