প্রায় দুই হাজার বছর আগে রোমান সাম্রাজ্যে উৎস থেকে আনা প্রাকৃতিক কার্বনযুক্ত খনিজ পানি মাটির পাত্রে ভরে দূরদূরান্তে পাঠানো হতো। তীর্থযাত্রীদের হাতে পবিত্র কূপের পানি পৌঁছাত বিশেষ নকশার সিরামিক ফ্লাস্কে। মধ্যযুগে ইউরোপের স্পা শহরগুলোতে ধনীরা গ্রীষ্মকালে পান করতেন ‘স্বাস্থ্যকর পানি’। শিল্পবিপ্লব, কাচ উৎপাদনের প্রসার এবং রেলপথের বিস্তৃতি সেই পানিকে শহরে নিয়ে এলো বোতলে বন্দি করে।
অন্যদিকে ঔপনিবেশিক আমেরিকায় খনিজ পানির বোতল বিক্রি শুরু হয় চিকিৎসা ও স্বাস্থ্যচর্চার অংশ হিসেবে। সময়ের সঙ্গে সঙ্গে বাণিজ্যিক পণ্যে রূপ নেয় এটি। আর গেল সত্তরের দশকে ফরাসি পেরিয়ার ব্র্যান্ডের মার্কেটিং যেন নতুন করে বিশ^কে মনে করিয়ে দেয় বোতলজাত পানি শুধু প্রয়োজন নয়, এটি হতে পারে স্টাইলেরও অংশ।