সিএনজি থেকে চাঁদা আদায়

বরগুনায় শ্রমিকদল নেতা-লাইনম্যান গ্রেপ্তার

বরগুনার আমতলীর চৌরাস্তায় সিএনজি স্ট্যান্ডে শ্রমিক সংগঠনের পরিচয় ভাঙ্গিয়ে সিএনজি ও আলফা চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের সময় পৌর শ্রমিকদলের সভাপতি মো. মিল্টন হাওলাদার ও লাইনম্যান সুমনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে আমতলী চৌরাস্তায় এ ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় সূত্র।

জানা গেছে এ বছর  জানুয়ারি থেকে আমতলী চৌরাস্তায় সিএনজি ও আলফা স্ট্যান্ডে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায় চলছিল বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয় সংসদ সদস্যে ও বিএনপি নেতাদের এবং  প্রশাসনের সমন্বয়ে স্ট্যান্ডগুলোতে সব ধরনের চাঁদা আদায় বন্ধ করা হয়।

তবে মে মাসের প্রথম দিক থেকে আবারও চাঁদা আদায় শুরু হয় বলে অভিযোগ ওঠে। মঙ্গলবার দুপুরে চাঁদা আদায়ের সময়  স্থানীয় জনগণ তাদের আটক করেন। সংবাদ পেয়ে থানা পুলিশ মো. মিল্টন হাওলাদার ও লাইনম্যান সুমনকে  পুলিশ হেফাজতে নেয়। বিকেলে আনোয়ারুল ইসলাম বাদী হয়ে একটি চাঁদাবাজী মামলা করেন। 

এবিষয়ে আমতলী থানার ওসি আবু সাহাদাৎ মো. হাসনাইন পারভেজ বলেন, চাঁদা আদায়ের  সংবাদ পেয়ে ঘটনা স্থল থেকে দু’জনকে  পুলিশ হেফাজতে নেয়া হয়। এ ঘটনায় মো. আনোয়ারুল ইসলাম নামে একজন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামী মিল্টন ও সুমনকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে প্রেরন করা হয়েছে।