বরগুনার পাথরঘাটায় বন বিভাগের গাছের চারা রোপণ কাজে যাওয়ার পথে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পদ্মা স্লুইস সংলগ্ন বলেশ্বর নদীর মাঝের খাল এলাকায় ট্রলারডুবির ঘটনা ঘটে। বিকেল ৫টার দিকে নিখোঁজের মরদেহ উদ্ধার করা হয়।
মৃত জাহাঙ্গীর (৪৫) পশ্চিম বাদুরতলা এলাকার মৃত ছাহেদ হাওলাদারের ছেলে।
ট্রলারের মাঝি ইব্রাহিম জানান, দুপুরে বন বিভাগের চারা রোপণ কাজে অংশ নিতে ৮ শ্রমিক পদ্মা স্লুইস এলাকা থেকে রওনা দেন। পথের মধ্যে মাঝের খাল এলাকায় পৌঁছালে হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে নদীতে ঢেউয়ের সৃষ্টি হয়। এতে মুহূর্তেই ট্রলারটি উল্টে গেলে গোপজালের খুঁটি ধরে ভেসে থাকার চেষ্টা করেন শ্রমিকরা। এ সময় একবার জাহাঙ্গীরকে দেখা গেলেও পরবর্তীতে ঢেউয়ের মধ্যে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে পাশ দিয়ে যাওয়া একটি ট্রলার এসে অন্যদের উদ্ধার করে। ঘটনার পরপরই স্থানীয়রা ৮ থেকে ১০টি ট্রলার নিয়ে নিখোঁজ জাহাঙ্গীরকে উদ্ধারে তল্লাশি শুরু করেন। পরের পাশে গোপজলের সাথে পেচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
বন বিভাগের পাথরঘাটা রেঞ্জের কর্মকর্তা বদিউজ্জামান সোহাগ জানান, ঘটনা জানার সঙ্গে সঙ্গেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কোস্টগার্ডকে জানানো হয়েছে। এরপর তার উপস্থিতি বিকেল ৫টার দিকে নিখোঁজ জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার করা হয়। জাহাঙ্গীর সদর ইউনিয়নের চরলাঠিমারা ইউনিটের সঙ্গে নিয়মিত কাজ করতেন।