আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৩ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। এই অগ্রিম টিকিট বিক্রি চলবে ১৭ মে পর্যন্ত। এবারও ঈদযাত্রায় শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। ঈদের পর ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৩ মে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ১৩ মে বিক্রি হবে ২৩ মের টিকিট। পর্যায়ক্রমে ১৪ মে ২৪ মের টিকিট, ১৫ মে মিলবে ২৫ মের টিকিট, ২৬ মের টিকিট পাওয়া যাবে ১৬ মে। একইভাবে ১৭ মের টিকিট পাওয়া যাবে ২৭ মে। ফিরতি টিকিট পাওয়া যাবে ২১ মে থেকে। ওই দিন পাওয়া যাবে ৩১ মের টিকিট। ২২ মে পাওয়া যাবে ১ জুনের টিকিট, ২৩ মে ২ জুনের টিকিট, ২৪ মে ৩ জুনের টিকিট আর ২৫ মে পাওয়া যাবে ৪ জুনের টিকিট।
রেলওয়ের নির্দেশনায় বলা হয়েছে, একজন যাত্রী উল্লিখিত ঈদে অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট কিনতে পারবেন। ঈদ অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না। যাত্রী সাধারণের অনুরোধে যাত্রার দিন মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার হতে বিক্রয় করতে হবে। ঈদের ফেরত যাত্রার টিকিট উল্লিখিত তারিখ ছক অনুযায়ী যথারীতি সকাল ৮টা হতে ইস্যু করতে হবে।