পুলিশের পর এবার র‍্যাবের ৩ সদস্যকে কুপিয়ে আহত

নারায়ণগঞ্জ শহরের গলাচিপা, মাসদাইর ও আশপাশ এলাকা যেন মাদক কারবারিদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। একের পরে এক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে মাদক কারবারি ও তাদের পালিত ক্যাডাররা। কয়েক মাসের ব্যবধানে ওই এলাকায় মাদকবিরোধী অভিযানে যাওয়া পুলিশ সদস্যদের পর এবার র‌্যাব সদস্যদের ওপরও হামলা করে মাদক কারবারিরা। তাদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন র‌্যাবের তিন সদস্য। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের গলাচিপা বোয়ালিয়া খাল এলাকায় মাদকবিরোধী অভিযানে যাওয়া র‌্যাব সদস্যদের ওপর হামলা করে মাদক কারবারিরা। সিসিটিভি ফুটেজে দেখা যায়,  সাদা পোশাকে থাকা র‌্যাবের তিন সদস্যকে রামদা, বগিসহ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। এ সময় তারা একাধিক হাতবোমারও বিস্ফোরণ ঘটায়। গুরুতর আহত র‌্যাবের এসআই নজিবুলকে ঢাকায় সিএমএইচে পাঠানো হয়েছে। আহত র‌্যাবের অপর দুই সদস্য মাহী ও ইব্রাহীম সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

খবর পেয়ে র‌্যাব-১১ ব্যাটেলিয়ান অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে মাদক কারবারিদের গ্রেপ্তারে অভিযান চালিয়েছেন। এ সময় তারা গোটা এলাকায় চিরুনি অভিযান চালান। অভিযানের টের পেয়ে বোয়ালিয়া খাল এলাকায় শাখা সড়ক দিয়ে আশপাশের এলাকায় পালিয়ে যায় সন্ত্রাসীরা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুপুরে হঠাৎ করে ধারালো অস্ত্র নিয়ে তিনজনকে ধাওয়া ও জখম করতে দেখেন। পরে জানতে পারেন তারা র‌্যাব সদস্য। গলাচিপা বোয়ালিয়া খাল ও আশপাশের এলাকায় প্রায়ই মাদক নিয়ে এ ধরনের হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভয়ে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস করে না।

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে হত্যা ও মাদকসহ ডজনখানেক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়াকে গ্রেপ্তার করা হয়। এরপর পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় শামীমের সহযোগীদের হামলায় পুলিশের বেশ কয়েক সদস্য আহত হন। গত সোমবার গভীর রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। এরপর আইনশৃঙ্খলা বাহিনী চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় অভিযান চালিয়ে শামীমের স্ত্রী সাথী আক্তারসহ ১২ জনকে আটক করে। শামীম ওই এলাকার আব্দুল খালেদের ছেলে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রাজধানীর ডেমরাঘেঁষা রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকাটি অপরাধীদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিতি। এখানে দীর্ঘদিন হত্যা, মাদক ও অস্ত্র ব্যবসাসহ নানা ধরনের অপরাধ সংগঠিত হয়ে আসছে।

গত সোমবার রাতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম ও রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শামীমকে গ্রেপ্তার করে। মেহেদী ইসলাম বলেন, শামীমকে পুলিশের গাড়িতে তোলার পর তার অনুসারীরা পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেয়। বাধা দিলে হামলাকারীদের আঘাতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে গিয়ে শামীমের স্ত্রীসহ ১২ জনকে আটক করে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।