রাজধানীর ডেমরার হাজী বাদশা মিয়া রোড এলাকায় মাহবুবুল হক রিপন নামে এক দুবাই প্রবাসীর বাসায় ঢুকে তার স্ত্রী, মেয়ে ও শাশুড়িকে অস্ত্রের মুখে আটকে রেখে স্বর্ণালঙ্কারসহ অন্যান্য মালামাল লুটের ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তের নির্যাতনের শিকার রিপনের শাশুড়ি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। গত সোমবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
নিহতের ছেলে মাহমুদ বলেন, রাতে সবাই ঘুমিয়ে ছিল। ভবনের তৃতীয় তলার বাসার জানালার গ্রিল কেটে তিনজন ডাকাত বাসায় ঢুকে। কিছু বুঝে ওঠার আগেই অস্ত্রের মুখে সবার হাত-পা বেঁধে নির্যাতন করতে থাকে। এ সময় বাসায় থাকা স্বর্ণ ও নগদ অর্থসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল নিয়ে যায়। বাসায় থাকা জমির দলিলও ডাকাতরা নিয়ে যায়। তিনি আরও বলেন, নির্যাতনের শিকার হয়ে আমার মা অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে আমরা এসে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। অবস্থার অবনতি হলে আইসিইউতে ভর্তি করানো হয়। পরে সেখানেই চিকিৎসাধীন মারা যান।