ফরিদপুরে গণপিটুনিতে নিহত ট্রাকচালক হান্নান শেখের দুই বছর বয়সী কন্যার দায়িত্ব নিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। গতকাল মঙ্গলবার সকালে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান উপজেলার সাতৈর গ্রামে গিয়ে এতিম মুসলিমার খোঁজখবর নেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশের বিষয়টি জানিয়ে শিশুটির লালন-পালনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তাৎক্ষণিকভাবে শিশুটির দাদা-দাদির হাতে খেলনা, নগদ অর্থ ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। নিহত হান্নান শেখের বাবা সাইদ শেখ অভিযোগ করে বলেন, ফেসবুকে গুজব ছড়িয়ে তার ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নগরকান্দা থানায় মামলা হয়েছে। মামলার পর থেকেই বিভিন্ন নম্বর থেকে হুমকি পাচ্ছেন। তিনি ছেলে হত্যার বিচার দাবি এবং প্রধানমন্ত্রীর সহানুভূতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু জানান, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও শিশুটিকে নিয়মিত সহায়তা দেওয়া হবে।
ইউএনও এস এম রকিবুল হাসান বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী নিহতের পরিবারের পাশে দাঁড়ানো হয়েছে। শিশুটির দায়িত্ব গ্রহণ ও ভবিষ্যতে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া নতুন হাটখোলা এলাকায় সড়ক দুর্ঘটনার পর গণপিটুনিতে ট্রাকচালক হান্নান শেখ নিহত হন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।